আশুলিয়ায় বন্ধুকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত পলাতক
ঢাকার আশুলিয়ায় পারভেজ মিয়া (২৬) নামে এক যুবককে বাড়িতে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বন্ধু শাহাদাত হোসেনের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে।
রোববার (১০ মে) রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার কোনাপাড়া এলাকার হাজী জয়নালের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম।
নিহত পারভেজ মিয়া শেরপুর জেলার নকলা থানার রুনীগাঁও এলাকার আজাহার আলীর ছেলে। তিনি আশুলিয়ার গোহাইলবাড়ি মেশিনপাড়া এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে শাহাদাত তার বন্ধু পারভেজকে বাসায় ডেকে নেন। পরে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে শাহাদাত ঘরে থাকা ধারালো দাঁ দিয়ে পারভেজের মুখ ও মাথায় এলোপাতাড়ি কোপ দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
ঘটনার পর অভিযুক্ত শাহাদাত পালিয়ে গেলেও জিজ্ঞাসাবাদের জন্য তার বাবা আলমগীর হোসেন, মা শাহিদা আক্তার ও ভাই শাহিন হোসেনকে আটক করেছে পুলিশ। তারা গাইবান্ধা জেলার সদর থানার কলাইহাটি কুমারপাড়া এলাকার বাসিন্দা এবং আশুলিয়ার কোনাপাড়ায় ভাড়া বাসায় থাকতেন।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের মুখ ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পাশাপাশি অভিযুক্ত শাহাদাতকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
