খাদ্য নিরাপত্তা ও আধুনিক কৃষির লক্ষ্যে মাদারগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’
জামালপুরের মাদারগঞ্জে কৃষি উন্নয়ন, পুষ্টি উদ্যোক্তা সৃষ্টি ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলা খড়কা হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
২০২৫-২৬ অর্থবছরে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়।
কৃষি সম্প্রসারণ অফিসার মৌরী তানিয়া মৌ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন “জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।” তিনি বলেন, “কৃষিকে আধুনিক ও লাভজনক করতে সরকার নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কৃষকদের জীবনমান উন্নয়নে কাজ করা হচ্ছে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খামারবাড়ি জামালপুর জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ পিকন কুমার সাহা। স্বাগত বক্তব্য দেন মাদারগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন আকন্দ, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহ মো. মজনু ফকির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতিকুর রহমান, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবির, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ ও সাধারণ সম্পাদক রফিকুল বারী প্রমুখ।
এ সময় সফল কৃষক শামিম রানা কৃষিতে তার অভিজ্ঞতা ও সাফল্যের কথা তুলে ধরেন।
কংগ্রেসে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণী, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ উত্তম কৃষি চর্চা (জিএপি) অনুসরণকৃত প্রদর্শনী প্লট পরিদর্শন করেন।
