পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ৩১ মে, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

দিনে ২৫ কেজি ঘাস, আধা মণ পানি পান করে ডোনাল্ড ট্রাম্প

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ৩০ মে ২০২৬, ১২:১৭ পিএম

ঢাকার মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানায় আনা অ্যালবিনো প্রজাতির সাদা মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন দর্শনার্থীদের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। বিরল বৈশিষ্ট্যের এই মহিষটির খাবার, পরিচর্যা ও স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ ব্যবস্থা নিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

চিড়িয়াখানা সূত্রে জানা গেছে, মহিষটি প্রতিদিন প্রায় ২৫ কেজি নেপিয়ার ঘাস খায়। পাশাপাশি দৈনিক প্রায় ৫ কেজি ছোলা ও ভুসির মিশ্রণ সরবরাহ করা হয়। পানির চাহিদা মেটাতে প্রতিদিন প্রায় ২০ কেজি পানি পান করে প্রাণীটি।

নিয়মিত রুটিন অনুযায়ী সকালে ছোলা-ভুসি দেওয়ার পর দিনের বিভিন্ন সময়ে কয়েক দফায় ঘাস খাওয়ানো হয়। বর্তমানে মহিষটিকে চিড়িয়াখানার একটি নির্ধারিত খাঁচায় রাখা হয়েছে, যেখানে তার পরিচিতি ফলকে ‘সাদা মহিষ (ডোনাল্ড ট্রাম্প)’ এবং ‘Albino Buffalo’ লেখা রয়েছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, মহিষটি দীর্ঘদিন গৃহপালিত পরিবেশে বেড়ে ওঠায় তাকে নিয়ন্ত্রিত অবস্থায় রাখা হয়েছে। গরমের কারণে দিনে কয়েকবার গোসল করানো হচ্ছে এবং খাঁচায় অতিরিক্ত শীতলীকরণ ব্যবস্থাও যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

ঈদুল আজহার ছুটিতে বিপুলসংখ্যক দর্শনার্থী এই বিরল মহিষটিকে দেখতে চিড়িয়াখানায় ভিড় করছেন। তবে নিরাপত্তার স্বার্থে প্রাণীটিকে দর্শনার্থীদের থেকে কিছুটা দূরে রাখা হয়েছে।

জানা যায়, নারায়ণগঞ্জের একটি খামারে জন্ম নেওয়া এই সাদা মহিষটি প্রথম আলোচনায় আসে তার ব্যতিক্রমী চেহারা ও মাথার চুলের বিন্যাসের কারণে। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয় প্রাণীটি। সম্প্রতি প্রশাসনের উদ্যোগে মহিষটিকে জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়, যেখানে এখন এটি স্থায়ীভাবে সংরক্ষিত রয়েছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষের আশা, বিরল এই অ্যালবিনো মহিষটি ভবিষ্যতে দর্শনার্থীদের কাছে আরও আকর্ষণীয় প্রদর্শনী হিসেবে ভূমিকা রাখবে।