সাভারের ব্যাংক কলোনি এলাকায় শাহীন (২৬) নামে এক পরিবহন রংমিস্ত্রিকে মাথায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২০ মে) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আরিচামুখী লেনসংলগ্ন ব্যাংক কলোনি এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
জানা গেছে, রাত ৯টার দিকে শাহীনের মোবাইলে একটি কল আসে। এরপর তিনি বাসা থেকে বের হয়ে যান। কিছু সময় পরে বাসায় খবর আসে শাহীনকে গুলি করা হয়েছে, তিনি পড়ে আছেন। পরে সেখান থেকে চিকিৎসার জন্য তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শাহীনকে মৃত ঘোষণা করেন।
নিহত শাহীন সাভারের বলিয়ারপুর এলাকার বাসিন্দা কবির হোসেনের ছেলে। তিনি রেডিও কলোনি এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন এবং স্থানীয় একটি গাড়ির গ্যারেজে রংমিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির বাঁ হাতে একটি গুলির চিহ্ন পাওয়া গেছে। তবে আরও আঘাতের চিহ্ন রয়েছে কি না, তা জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোতাছিম বিল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আমরা সব দিক খতিয়ে দেখছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত নিশ্চিত হওয়া যাবে।’

