পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ৬ জুন, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

সাবেক ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, এলাকায় চাঞ্চল্য

মোঃ ফারুক হোসেন
মোঃ ফারুক হোসেন , উপজেলা প্রতিনিধি প্রকাশিত: ৫ জুন ২০২৬, ০৯:৩৬ পিএম

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ মডেল স্কুলের এক শিক্ষক ও বিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীকে নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্যকে কেন্দ্র করে ঘটনাটি নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে শিক্ষক রুবেল মুঠোফোনে বলেন, সংশ্লিষ্ট তরুণী মিম অনেক আগেই বিদ্যালয় ছেড়েছেন এবং তিনি বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থী নন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে বর্তমান শিক্ষার্থী হিসেবে উপস্থাপন করা হচ্ছে, যা সঠিক নয়।

তিনি জানান, গত বুধবার (৩ জুন) মিম নিজ বাড়ি থেকে তার বাড়িতে আসেন। পরে উভয়ের সম্মতিতে এফিডেভিটের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে। বর্তমানে মিম তার বাড়িতেই অবস্থান করছেন।

রুবেল আরও বলেন, বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। তবে দুই পরিবারের মধ্যে সমঝোতা হয়েছে এবং তাদের বিয়ে আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই সম্পন্ন হয়েছে। মেয়েটির বয়স সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, প্রয়োজনীয় কাগজপত্রের ভিত্তিতেই বিয়ের কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

এদিকে টেপ্রীগঞ্জ মডেল স্কুলের প্রধান শিক্ষক মনজুরুল ইসলাম বলেন, মিম বিদ্যালয়ের ২০২৫ সালের ব্যাচের শিক্ষার্থী ছিলেন এবং ইতোমধ্যে প্রতিষ্ঠান থেকে বিদায় নিয়েছেন। শিক্ষক রুবেল বর্তমানে বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত থাকলেও তিনি ছুটিতে বাড়িতে অবস্থান করছেন।

তিনি আরও জানান, স্থানীয়ভাবে শুনেছেন যে রুবেল ওই তরুণীকে বিয়ে করেছেন এবং বর্তমানে তারা একসঙ্গেই রয়েছেন।

ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা চললেও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ বা আইনি পদক্ষেপের তথ্য পাওয়া যায়নি।