রাজশাহীতে রেস্তোরাঁয় হামলা ও ককটেল বিস্ফোরণ: পুলিশ আহত, বিচার দাবিতে মানববন্ধন
রাজশাহী মহানগরীর বিনোদপুর বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ‘বাংলা টিফিন’ ও ‘বঙ্গভোজ’ নামে দুটি রেস্তোরাঁয় ভাঙচুর, লুটপাট ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, হামলায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি রেস্তোরাঁর কর্মচারীর সঙ্গে এক ব্যক্তির কথা কাটাকাটির জেরে শুক্রবার রাত ৯টার দিকে একদল যুবক দেশীয় অস্ত্র নিয়ে দুটি রেস্তোরাঁয় হামলা চালায়। হামলাকারীরা রেস্তোরাঁ দুটিতে ব্যাপক ভাঙচুর করে এবং নগদ টাকা ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দোকানপাট বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করেও ককটেল নিক্ষেপ করে। এতে এক পুলিশ সদস্য আহত হন।
ক্ষতিগ্রস্ত রেস্তোরাঁর মালিক মোর্শেদ শাকিল বলেন, ছোট একটি ঘটনাকে কেন্দ্র করে এমন হামলা কোনোভাবেই প্রত্যাশিত নয়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিকে হামলার প্রতিবাদে এবং ব্যবসায়ীদের নিরাপত্তার দাবিতে সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির রাজশাহী জেলা শাখা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার এবং ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
মতিহার থানার ওসি গোলাম কবির জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত পুলিশ সদস্যকে চিকিৎসা দেওয়া হয়েছে। হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
