সাভারে ৩০ পিস ইয়াবাসহ আটক ১ জন।
ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মো. শরিফুল ইসলাম খোকন (৪৫) নামের এক পেশাদার মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। শনিবার (২০ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম পিপিএম।
আটককৃত মো. শরিফুল ইসলাম খোকন ঢাকা জেলার আশুলিয়া থানার পাড়াগ্রাম উত্তরপাড়া এলাকার মৃত কেসমত আলীর ছেলে। তিনি একজন পেশাদার ও এলাকার চিহ্নিত মাদক কারবারি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার (১৯ জুন) বিকাল ৫টার দিকে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ও আশুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. মাহবুব উল্লাহ সরকার সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে আশুলিয়া থানাধীন পাড়াগ্রাম এলাকার একটি মুদির দোকানের সামনের পাকা সড়ক থেকে মো. শরিফুল ইসলাম খোকন নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম পিপিএম জানান, উক্ত ঘটনায় আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে আশুলিয়া থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।
