এইচএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার, বহিষ্কার ১৭
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে সারা দেশে ২৭ হাজার ৩২৭ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে ১৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিন সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা দ্বিতীয় পত্র, মাদরাসা শিক্ষা বোর্ডে আলিমের আরবি প্রথম পত্র ও আরবি সাহিত্য এবং কারিগরি শিক্ষা বোর্ডে এইচএসসি ভোকেশনাল, বিএমটি ও ডিপ্লোমা ইন কমার্সের ইংরেজি-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১ হাজার ৬২০টি কেন্দ্রে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ৮ লাখ ৬০ হাজার ৭৬৪ পরীক্ষার্থীর। পরীক্ষায় অংশ নেন ৮ লাখ ৪১ হাজার ১২৫ জন। অনুপস্থিত ছিলেন ১৯ হাজার ৬৩৯ জন এবং বহিষ্কার হন ৭ পরীক্ষার্থী। বহিষ্কৃতদের মধ্যে রাজশাহী বোর্ডে একজন, কুমিল্লায় দুজন, বরিশালে দুজন, দিনাজপুরে একজন এবং ময়মনসিংহ বোর্ডে একজন রয়েছেন।
মাদরাসা শিক্ষা বোর্ডের ৪৬০টি কেন্দ্রে আলিম পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ৮৪ হাজার ২৯৩ জনের। পরীক্ষায় অংশ নেন ৭৯ হাজার ৯১ জন। অনুপস্থিত ছিলেন ৫ হাজার ২০২ জন এবং বহিষ্কার হয়েছেন ৭ পরীক্ষার্থী।
অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬১১টি কেন্দ্রে অনুষ্ঠিত ইংরেজি-২ পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ৮৫ হাজার ৭৪৯ জনের। পরীক্ষায় অংশ নেন ৮৩ হাজার ২৬৩ জন। অনুপস্থিত ছিলেন ২ হাজার ৪৮৬ জন এবং বহিষ্কার করা হয়েছে ৩ পরীক্ষার্থী।
সব মিলিয়ে দ্বিতীয় দিনে তিন শিক্ষা বোর্ডে মোট ২৭ হাজার ৩২৭ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন এবং ১৭ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।
