দেবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে যুবক আটক, ভ্রাম্যমান আদালতে তিন মাসের জেল
পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদকবিরোধী যৌথ অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় তপু দাস (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুরে পৌরসভার মধ্যপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইন্দ্রজীৎ সাহা।
দণ্ডপ্রাপ্ত তপু দাস পৌরসভার মধ্যপাড়া এলাকার মৃত শ্যামল দাসের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জ পৌরসভার মধ্যপাড়া এলাকার ডিসি পার্কের পেছনে সুইপারপট্টি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে দেবীগঞ্জ থানা পুলিশ। এ সময় ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় তপু দাসকে আটক করা হয়। অভিযানের সময় মাদক কারবারি হিসেবে পরিচিত পারুল রানী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে আটক তপু দাসকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইন্দ্রজীৎ সাহার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
