পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ২৬ জুলাই, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

চট্টগ্রামে প্রথমবার এনইউএসডিএফ ক্যারিয়ার সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

মুহিবুল হাসান রাফি প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬, ০৩:৫৯ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও কর্মজীবনের প্রস্তুতি জোরদারে চট্টগ্রামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ইউসিএএসএম প্রেজেন্টস এনইউএসডিএফ মানবসম্পদ ও ক্যারিয়ার বিষয়ক সম্মেলন ২০২৬। এনইউএসডিএফ বাংলাদেশ-এর আয়োজনে এবং এইচবি এভিয়েশনের পরিচালনায় নগরীর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে গতকাল সন্ধ্যায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে কর্পোরেট খাতের শীর্ষ মানবসম্পদ বিশেষজ্ঞ ও পেশাজীবীরা শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন, দক্ষতা উন্নয়ন এবং চাকরির বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরির নানা দিক নিয়ে আলোচনা করেন।

বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন প্যাসিফিক জিন্সের জেনারেল ম্যানেজার ও গ্রুপ হেড অব এইচআর আনোয়ারুল ইসলাম, জিপিএইচ ইস্পাতের হেড অব ট্যালেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অতনু গুপ্ত, দ্য পেনিনসুলা চিটাগং-এর হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন প্রতীক ভট্টাচার্য, সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) ও মানবসম্পদ বিভাগের প্রধান রুমি সেন গুপ্ত, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির হেড অব চট্টগ্রাম নর্থ রিজিয়ন মোহাম্মদ মাঈন উদ্দিন, এইচবি এভিয়েশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাকি এস. বারী, জিএমই গ্রুপের জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) জাহির রায়হান এবং নেক্সটওয়েভের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল কায়সার।

আলোচকরা বলেন, ভবিষ্যতের কর্পোরেট জগতে সফল হতে হলে শুধু একাডেমিক ফলাফল নয়, কার্যকর যোগাযোগ দক্ষতা, সময় ব্যবস্থাপনা, কর্পোরেট নৈতিকতা, দলগত কাজ, ইমোশনাল ইন্টেলিজেন্স এবং মৌলিক তথ্যপ্রযুক্তি দক্ষতার বিকল্প নেই।

আয়োজনের স্পন্সর ও পার্টনার হিসেবে ছিল ইউমে জাপান আইটি, সেম স্টাডি এইড, নেক্সটওয়েভ, টেকনিশিয়ান, পূর্ণতা, ইন্টেলজা স্টুডিওসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

অনুষ্ঠানে এনইউএসডিএফ বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ইসমাইল হোসেন বলেন, “শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের কাজের অনুপ্রেরণা। আমরা চাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সময়োপযোগী দক্ষতা অর্জনের মাধ্যমে কর্পোরেট জগতে নিজেদের শক্ত অবস্থান তৈরি করুক।”