পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

সিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় কমিশনারের কঠোর নির্দেশনা

মুহিবুল হাসান রাফি প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬, ০৫:৪৪ পিএম

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জুলাই মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা আজ বৃহস্পতিবার সকাল ১১টা ৩০ মিনিটে দামপাড়ায় সিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার হাসান মোঃ শওকত আলী।

সভায় কমিশনার নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সব থানা ও মহানগর গোয়েন্দা বিভাগকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন। মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের তৎপরতা দমনে উপ-পুলিশ কমিশনারদের আরও সক্রিয় ভূমিকা পালনের কথা বলেন তিনি। একই সঙ্গে হত্যাসহ অন্যান্য মামলার দ্রুত নিষ্পত্তি, মামলা নিষ্পত্তির হার বাড়ানো এবং ওয়ারেন্ট তামিলের গতি ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করেন।

ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে ট্রাফিক বিভাগকে নির্দেশ দেন কমিশনার।

সভায় দীর্ঘ কর্মজীবনের পর পিআরএল-এ যাওয়া পুলিশ পরিদর্শক মো. আব্দুল মতিন চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে বিদায় জানানো হয়। একই সঙ্গে গত জুন মাসে বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ কর্মদক্ষতা দেখানো পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়াসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।