পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকার ঘাটতি, গ্রেপ্তার ২

মুহিবুল হাসান রাফি প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬, ০৫:৫২ পিএম

চট্টগ্রামের লালদীঘি পূর্ব করপোরেট শাখার ক্যাশ ভল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকার ঘাটতি ধরা পড়েছে। অগ্রণী ব্যাংকের এ শাখায় গত ৯ আগস্ট দিনশেষে হিসাব মিলাতে গিয়ে এ বিশাল অঙ্কের অমিল পাওয়া যায়।

ঘটনায় ক্যাশ ইনচার্জ ও সিনিয়র অফিসার মো. কামরুল হোসেন (৪১) এবং ব্যাংকের বাইরের ব্যক্তি মো. জাফরুল্লাহ তানভীরকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়। মামলায় অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

ব্যাংক কর্তৃপক্ষের অভিযোগ, ঘাটতি অর্থ গ্রাহকদের আমানতের টাকা। কামরুল হোসেন জাফরুল্লাহ তানভীরসহ অন্যদের সহায়তায় ভল্ট থেকে টাকা সরিয়ে ব্যবসায় বিনিয়োগ করেছেন বলে অভিযোগ উঠেছে।

তবে তানভীরের বাবা আজিম উল্লাহ অভিযোগ অস্বীকার করে বলেছেন, তাঁর ছেলে ব্যাংকের কর্মচারী বা গ্রাহক কেউ নন। তিনি গরুর খামারের ব্যবসা করেন। ব্যাংক থেকে কোনো প্রমাণ দেখানো হয়নি বলেও দাবি তাঁর।

এত বড় অঙ্কের ঘাটতি এক বছরের বেশি সময় ধরে কীভাবে ধরা পড়ল না—এ প্রশ্নও উঠেছে। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে। আসামিদের কাছ থেকে মোবাইল ফোন ও পেনড্রাইভ জব্দ করা হয়েছে।