নবীনগরে যাত্রীবেশে সাড়ে ৮ লাখ টাকার স্বর্ণালংকার ছিনতাই, গ্রেপ্তার ১।
ঢাকা জেলার আশুলিয়ার জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটকের সামনে ব্যস্ত মহাসড়কে যাত্রীবেশে এক নারীকে অস্ত্রের ভয় দেখিয়ে প্রায় সাড়ে ৮ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার, রুপার নুপুর ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বাসে ওঠার মুহূর্তে স্বামী ও শিশুসন্তানের সামনেই ওই নারীর হাতব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ভুক্তভোগীর শনাক্তের ভিত্তিতে মো. শামিম (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। তার কাছ থেকে ছিনতাই হওয়া একটি স্বর্ণের আংটি ও একটি কানের দুল উদ্ধার করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) রাত ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ও জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. শফিউল আলম সোহাগ।
গ্রেপ্তার মো. শামিম টাঙ্গাইল জেলার সদর থানার আয়নাপুর এলাকার মো. চান মিয়ার ছেলে। বর্তমানে তিনি আশুলিয়ার কুরগাঁও পুরানপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে এর আগে ডাকাতির প্রস্তুতির একটি মামলা রয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে নবীনগর জাতীয় স্মৃতিসৌধের মূল ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে। ওই নারী স্বামী ও শিশুসন্তানকে নিয়ে মানিকগঞ্জগামী বাসের অপেক্ষায় ছিলেন। এ সময় সেলফি পরিবহনের একটি বাস থামলে অন্য যাত্রীদের সঙ্গে বাসে ওঠার চেষ্টা করেন তিনি। ঠিক তখনই যাত্রীবেশে থাকা কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তার হাতব্যাগ ছিনিয়ে নেয়। ব্যাগে প্রায় ৩ ভরি ১৪ আনা স্বর্ণালংকার, ৩ ভরি রুপার নুপুর ও নগদ ২০ হাজার টাকা ছিল।
ভুক্তভোগীর চিৎকার শুনে বাসটির কন্ট্রাকটর ছিনতাইকারীদের বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় ধস্তাধস্তি হলেও মালামাল নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে ৩ অক্টোবর ভোর সাড়ে ৪টার দিকে স্মৃতিসৌধের বিপরীত পাশে আব্দুল্লাহ হোটেলসংলগ্ন প্রয়াস মামা মার্কেটের সামনে অভিযান চালিয়ে শামিমকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, ভুক্তভোগীর শনাক্তের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার হেফাজত থেকে একটি স্বর্ণের আংটি ও একটি কানের দুল উদ্ধার করা হয়।
এসআই মো. শফিউল আলম সোহাগ বলেন, গ্রেপ্তার শামিমকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া অবশিষ্ট মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে।
