লক্ষ্মীপুরে নিখোঁজ দুই শিক্ষার্থী, ৩ দিন পার হলেও সন্ধান মিলেনি
লক্ষ্মীপুরের রায়পুরে পৃথকভাবে নিখোঁজ হয়েছে ষষ্ঠ শ্রেণির দুই শিক্ষার্থী। নিখোঁজ শিক্ষার্থীরা হলো—আরাফাত সায়েম (১৪) ও ইকরামুল হাসান মিনহাজ (১৪)। গত রোববার (২০ সেপ্টেম্বর) সকালে স্কুল ও মাদ্রাসায় যাওয়ার পথে তারা নিখোঁজ হয়। এরপর থেকে তিন দিন ধরে তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ আরাফাত সায়েম কেরোয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইয়াকুব আলী হাজী বাড়ির ব্যবসায়ী জাকির হোসেন ও গৃহিণী আমেনা বেগমের একমাত্র সন্তান। সে রায়পুর এল এম পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
অন্যদিকে, ইকরামুল হাসান মিনহাজ চরপাতা ইউনিয়নের গাজিনগর এলাকার প্রবাসী এমরান হোসেন ও গৃহিণী ফাহিমা আক্তারের একমাত্র ছেলে। সে রায়পুর আলিয়া কামিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র।
নিখোঁজের বিষয়টি গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নিশ্চিত করেছেন তাদের অভিভাবক ও স্বজনরা।
পরিবারের সদস্যরা জানান, রোববার সকালে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় সায়েম ও মিনহাজ। এরপর তারা আর বাড়িতে ফিরে আসেনি। আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। পরে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে রায়পুর থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
এদিকে, নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধান পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে সহযোগিতা চেয়েছেন তাদের অভিভাবক ও স্বজনরা। তারা দ্রুত সায়েম ও মিনহাজের সন্ধান পাওয়ার জন্য সবার সহযোগিতা কামনা করেছেন।
নিখোঁজ সায়েমের বাবা জাকির হোসেন ও মিনহাজের বাবা এমরান হোসেন বলেন, রোববার সকালে স্কুল ও মাদ্রাসায় যাওয়ার জন্য তারা বাড়ি থেকে বের হয়। এরপর সারাদিনেও বাড়িতে ফেরেনি। আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। পরে থানায় পৃথক জিডি করা হয়েছে। তাদের সন্ধান পেলে পরিবারকে জানানোর অনুরোধ জানান তারা।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, সায়েম ও মিনহাজ নামে দুই শিক্ষার্থীর নিখোঁজের ডায়েরি পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তাদের উদ্ধারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
