পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• গঠনতন্ত্র লঙ্ঘন ও একচ্ছত্র আধিপত্যের অভিযোগে গাজীপুর ট্রান্সপোর্ট মালিক সমিতির একাংশের সংবাদ সম্মেলন • লক্ষ্মীপুরে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস: নারীসহ নিহত ৩, আহত ১৫ • তথ্য দিতে অপারগতা: রাজশাহী প্রাণিসম্পদ দপ্তর প্রকল্পে অনিয়মের অভিযোগ • নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন • শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি নিয়ে ফুলবাড়ীয়ায় আলোচনা • এমপি রুবেলের আশু রোগমুক্তির জন্য শ্রীবরদীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত • গার্মেন্টস শ্রমিক তৌফিক হত্যার বিচারের দাবিতে হবিগঞ্জে বাসদ ও শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ • তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, মাদারীপুর শাখার বার্ষিক পুরস্কার বিতরণী সম্পন্ন
লিঙ্ক কপি হয়েছে!

গঠনতন্ত্র লঙ্ঘন ও একচ্ছত্র আধিপত্যের অভিযোগে গাজীপুর ট্রান্সপোর্ট মালিক সমিতির একাংশের সংবাদ সম্মেলন

মির্জা নাদিম
মির্জা নাদিম , স্টাফ রিপোর্টার প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ০৮:২০ পিএম

গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির নেতৃত্বের বিরুদ্ধে গঠনতন্ত্র লঙ্ঘন, একচ্ছত্র আধিপত্য বিস্তার, বেআইনিভাবে পদ সৃষ্টি, অর্থ আত্মসাৎ এবং আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে। এসব অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সংগঠনটির একাংশের নেতারা।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে টঙ্গীর মিলগেট এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এসব অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইউসুফ হোসাইন বলেন, গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতি (রেজি. নং ঢাকা-৪২৬১) নির্ধারিত গঠনতন্ত্র ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। তবে বর্তমানে সংগঠনে গঠনতন্ত্র উপেক্ষা করে একচ্ছত্র আধিপত্য বিস্তার, বেআইনিভাবে পদ সৃষ্টি এবং অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অনিয়ম করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও একজনকে সভাপতির দায়িত্ব দিয়ে সংগঠনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তাকে এবং সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সাহাদাত হোসেনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

ইউসুফ হোসাইন বলেন, ওই নোটিশের জবাব দেওয়া হলেও সংশ্লিষ্ট নেতৃত্বের পক্ষ থেকে কোনো আইনসংগত ব্যাখ্যা দেওয়া হয়নি। সংগঠনের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং সাধারণ সদস্যদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে যুগ্ম সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন বলেন, সমিতির সব সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সাধারণ সদস্যদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। পাশাপাশি গোপন ভোটের মাধ্যমে উপদেষ্টা পরিষদ গঠন করতে হবে।

তিনি আরও বলেন, আদালত কর্তৃক স্থগিত সভাপতির পদ এবং গঠনতন্ত্রবিরোধীভাবে সৃষ্টি করা আইন সম্পাদক পদ বাতিল করতে হবে। একই সঙ্গে গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

সংগঠনের নেতারা অবিলম্বে গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ড বন্ধ, বিতর্কিত নেতৃত্বের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সংগঠনে শৃঙ্খলা, স্বচ্ছতা ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।