জাবিতে নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা: ৫ দফা দাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে এক ছাত্রীকে জঙ্গলে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে বিক্ষোভে ফেটে পড়েছেন শিক্ষার্থীরা। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার ও ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বুধবার (১৩ মে) রাতে সহস্রাধিক শিক্ষার্থী মশাল মিছিল করেছেন।
ভুক্তভোগীর অভিযোগ, মঙ্গলবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত পুরাতন ফজিলাতুন্নেছা হল সংলগ্ন এলাকায় এক ব্যক্তি তার গলায় কাপড় পেঁচিয়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় পথচারীরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। অভিযুক্ত পালিয়ে যায়।
পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রাথমিকভাবে অভিযুক্তকে বহিরাগত হিসেবে শনাক্ত করা হয়। এসময় কয়েকজন নারী শিক্ষার্থী, প্রক্টর ও জাকসু নেতারা উপস্থিত ছিলেন।
ঘটনার প্রতিবাদে বুধবার রাত ১০টার দিকে বটতলা এলাকা থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। পরে টারজান এলাকায় নারী শিক্ষার্থীদের মিছিলের সঙ্গে যুক্ত হয়ে সহস্রাধিক শিক্ষার্থী মশাল মিছিল করেন। মিছিলটি ছাত্রীদের বিভিন্ন আবাসিক হল প্রদক্ষিণ করে প্রক্টর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে শিক্ষার্থীরা ধর্ষণবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারের দাবি জানান।
পরে প্রক্টর কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে— ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার, প্রক্টরের পদত্যাগ, প্রক্টরিয়াল বডির জবাবদিহিতা নিশ্চিত করা, নারী শিক্ষার্থীদের নিরাপত্তায় কুইক রেসপন্স টিম গঠন এবং নারী নিরাপত্তাকর্মী নিয়োগ।
