পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতায় দুর্ভোগ চরমে, ব্যাহত পাঠদান কার্যক্রম

আল-আমিন হাসান
আল-আমিন হাসান , উপজেলা প্রতিনিধি প্রকাশিত: ২০ মে ২০২৬, ০৯:৪০ পিএম

কিশোরগঞ্জের নিকলী সদর ইউনিয়ন-এর পূর্বগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের জনগুরুত্বপূর্ণ সড়কে দীর্ঘদিনের জলাবদ্ধতায় স্থবির হয়ে পড়েছে স্থানীয় জনজীবন। চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের স্বাভাবিক পাঠদান কার্যক্রম।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় ড্রেনেজ ব্যবস্থা থাকলেও দীর্ঘদিন ধরে ড্রেনে জমে থাকা ময়লা-আবর্জনার কারণে পানি নিষ্কাশন ব্যবস্থা সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই বিদ্যালয়সংলগ্ন সড়ক ও আশপাশের এলাকা নোংরা পানিতে তলিয়ে যাচ্ছে।

সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের সামনের প্রধান সড়কটি কর্দমাক্ত পানিতে ডুবে রয়েছে। পচা আবর্জনা থেকে ছড়িয়ে পড়ছে তীব্র দুর্গন্ধ। এতে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এলাকাবাসীর দাবি, জলাবদ্ধতার কারণে মশাবাহিত ও পানিবাহিত নানা রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয়দের ভাষ্যমতে, পূর্বগ্রামের কোনো বাসিন্দার মৃত্যু হলে ঐতিহ্যগতভাবে বিদ্যালয় মাঠেই জানাজার নামাজ অনুষ্ঠিত হয়ে থাকে। কিন্তু বর্তমানে মাঠ ও আশপাশের রাস্তায় স্থায়ী জলাবদ্ধতা থাকায় জানাজা ও ধর্মীয় কার্যক্রম সম্পন্ন করতেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এতে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে বিরূপ প্রভাব পড়ছে বলেও অভিযোগ উঠেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন,
“জলাবদ্ধতা এবং অকার্যকর ড্রেনেজ ব্যবস্থার কারণে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা-যাওয়া অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। নোংরা পানি থেকে রোগজীবাণু ও পোকামাকড় ছড়িয়ে শিশুদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। দ্রুত সময়ের মধ্যে স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।”

এ বিষয়ে এডভোকেট বদরুল মোমেন মিঠু বলেন,
“এ ধরনের জনভোগান্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি নাগরিকদের সুস্থ পরিবেশে বসবাসের অধিকারের পরিপন্থী। শুধু বিদ্যালয়সংলগ্ন সড়কই নয়, পূর্বগ্রাম বাজারহাটি থেকে প্রয়াত উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাজা আবুর বাড়ির সামনের সড়কেও ড্রেনেজ সংকটের কারণে দুর্ভোগ চরমে পৌঁছেছে। বিষয়টি জেলা প্রশাসকের নজরে এনে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হবে।”

এদিকে মোঃ হুমায়ুন কবির বলেন, “জনগণের ভোগান্তির বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ইতোমধ্যে উপজেলা প্রশাসনের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। আশা করছি, দ্রুত ড্রেন পরিষ্কার ও সংস্কারের মাধ্যমে জলাবদ্ধতার সমাধান করা সম্ভব হবে।”

এলাকাবাসীর দাবি, জনস্বাস্থ্য, শিক্ষা কার্যক্রম ও ধর্মীয় পরিবেশ রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসন করা হোক।