নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের কটিয়াদি পৌর এলাকায় জেন্ট্রি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এক কর্মকর্তার কাছ থেকে চাঁদা দাবি, মারধর ও অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের দুই নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, জেন্ট্রি ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানির রিজিওনাল সেলস ম্যানেজার (আরএসএম) খাইরুল ইসলাম শিমুলের কাছে কটিয়াদি পৌরসভার ২ নম্বর ওয়ার্ড এলাকায় চাঁদা দাবি করা হয়। এ ঘটনায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তসফিকুল হাসিব ও সদস্য সচিব আশিক রহমানের নাম উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে খাইরুল ইসলাম শিমুল ও তার ছোট ভাইকে মারধর করা হয়। একপর্যায়ে তাদের কাছ থেকে কোম্পানির প্রায় ৯ লাখ ৫৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে আইনগত পদক্ষেপের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
তবে অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

