পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শুক্রবার, ২৬ জুন, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

রাজাপুরে লটারির নামে জুয়া, মাইকিং করে চলছে টিকিট বিক্রি!

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ৭ জুলাই ২০২৫, ০১:৩৭ পিএম
রাজাপুরে লটারির নামে জুয়া, মাইকিং করে চলছে টিকিট বিক্রি!

ঝালকাঠি প্রতিনিধি: পিরোজপুরের ‘শিল্প ও বাণিজ্য মেলা–২০২৫’-এর নাম ব্যবহার করে ঝালকাঠির রাজাপুর উপজেলায় অবৈধভাবে লটারির টিকিট বিক্রি হচ্ছে। হাট-বাজার, স্কুল, কলেজ এমনকি হাসপাতাল সংলগ্ন এলাকাতেও চলছে এই টিকিট বিক্রির কার্যক্রম। মাইকিং করে প্রচার চালানোর ক্ষেত্রে বলা হচ্ছে—“প্রবেশ টিকিট কিনুন, পুরস্কার জিতুন।” তবে স্থানীয়দের অভিযোগ, এটি মূলত লটারির নামে জুয়ার টিকিট।

প্রত্যক্ষদর্শীরা অভিযোগ জানান, প্রতিদিন-ই সকাল থেকে রাত ১০টা পর্যন্ত একদল লোক উচ্চস্বরে মাইকিং করে টিকিট বিক্রি করছে । অন্তত ৫০টি স্থানে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে। লটারির টিকেট এর প্রতি স্কুল-কলেজের শিক্ষার্থী, নারী ও শিশুরা সহজেই আকৃষ্ট হচ্ছে, যা সমাজে আর্থিক ও নৈতিক ক্ষয় তৈরি করছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, এটি কোনো মেলার অংশ নয়, একটি জুয়ার ফাঁদ। বিনা অনুমতিতে পিরোজপুরের এই টিকিট রাজাপুরে বিক্রি করা হচ্ছে। শিক্ষার্থীরা পকেট খরচের টাকা দিয়ে টিকিট কিনছে, আবার হারিয়ে মানসিকভাবে ক্ষতিগ্রস্তও হচ্ছে।

রাজাপুরের এক কলেজ ছাত্র বলেন, “বন্ধুরা বলেছিল ১০ টাকায় টিকিট কিনে বাইসাইকেল জিতেছে কেউ। ভাবলাম আমিও কিনে দেখি কিছুই পাই কিনা। এখন বুঝতে পারছি জিনিসটা জুয়া।”

এ বিষয়ে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দ্র বলেন, “এই লটারির টিকিট রাজাপুরে বিক্রির কোনো অনুমতি নেই। কেউ বিক্রি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তবে স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের বক্তব্য কাগজে থাকলেও বাস্তবে মাঠপর্যায়ে প্রশাসনের কোনো তৎপরতা দেখা যাচ্ছে না।
তারা দ্রুত এই অবৈধ লটারি বিক্রি ও জুয়ামূলক কার্যক্রম বন্ধে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।