তিতুমীর কলেজকে সাত কলেজের বিশ্ববিদ্যালয়ে না নেওয়ার দাবি শিক্ষার্থীদের
রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত না করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। তারা কলেজটিকে অধিভুক্ত নয়, বরং স্বতন্ত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের দাবি তুলেছেন।
৭ জুলাই (সোমবার) দুপুরে কলেজের মূল ফটকে মানববন্ধন করে এ দাবি জানায় ‘তিতুমীর রক্ষা আন্দোলন’ প্লাটফর্মের ব্যানারে সংগঠিত শিক্ষার্থীরা। মানববন্ধনে “অধিভুক্তি না মুক্তি? মুক্তি মুক্তি”—এমন স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের।
মাস্টার্সের শিক্ষার্থী মোশাররফ হোসেন রাব্বী বলেন, “তিতুমীর কলেজকে আমরা স্বাধীন কাঠামোয় দেখতে চাই। পূর্বে দেওয়া সাত দফা দাবির ছয়টি মন্ত্রণালয় মেনে নিলেও বাস্তবায়ন হয়নি।”
অন্য শিক্ষার্থী আফিয়া অর্ণি বলেন, “দীর্ঘদিন ধরে চলা আন্দোলন সত্ত্বেও দাবি পূরণ না হওয়ায় আমরা আবার রাজপথে নেমেছি। সেশনজট ও ফলপ্রকাশে বিলম্ব শিক্ষার্থীদের ভোগান্তি বাড়াচ্ছে।”
মানববন্ধনে শিক্ষার্থীরা যে সাত দফা দাবি তুলে ধরেন, তার মধ্যে রয়েছে—তিতুমীর কলেজকে পরীক্ষামূলক কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত না করা, স্বতন্ত্র কাঠামো গঠন, শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণ, আসন সংখ্যা না কমানো, নতুন বিভাগ চালু, প্রয়োজনীয় অবকাঠামো ও শিক্ষক নিয়োগ এবং প্রশাসনিক জটিলতা দূর করা।
উল্লেখ্য, এর আগে ৩ ফেব্রুয়ারি আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা আলোচনায় বসেন। কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি মেনে নেওয়া না হলেও অন্যান্য দাবির বিষয়ে আশ্বাস দেওয়া হয়, ফলে শিক্ষার্থীরা তখনকার মতো আন্দোলন স্থগিত করেছিলেন।
