পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শুক্রবার, ২৬ জুন, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

ফেনীতে কোমরপানি ঠেলে পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা, বন্যার শঙ্কায় লক্ষ্মীপুর-নোয়াখালীবাসী

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ৮ জুলাই ২০২৫, ০২:০৯ পিএম
ফেনীতে কোমরপানি ঠেলে পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা, বন্যার শঙ্কায় লক্ষ্মীপুর-নোয়াখালীবাসী

টানা বৃষ্টিতে ডুবে গেছে ফেনীর প্রধান সড়ক ও সরকারি কলেজ সড়ক। কোমরসমান পানি পেরিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স পরীক্ষায় অংশ নিতে ছুটে চলেছে শত শত শিক্ষার্থী। দুর্ভোগ আর ঝুঁকি উপেক্ষা করেও থেমে নেই তাদের এই সংগ্রাম।

আজ সকাল থেকেই ফেনী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দেখা গেছে জলাবদ্ধতার ভয়াবহ চিত্র। বিশেষ করে ফেনী সরকারি কলেজ এলাকার সড়ক ও শহরের প্রধান সড়ক পানিতে তলিয়ে গেছে। দুর্বল ড্রেনেজ ব্যবস্থা, খাল ও নালা দখল—সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে।

এ অবস্থায় ছাতা মাথায় বা প্লাস্টিক মোড়ানো বই হাতে কোমর পানিতে হেঁটে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে দেখা গেছে শিক্ষার্থীদের। অনেকেই রিকশা বা গাড়ির পরিবর্তে হাঁটাকে নিরাপদ ভেবেছেন।

স্থানীয়দের অভিযোগ, ফেনী শহরের খাল ও জলাশয়গুলো দীর্ঘদিন ধরেই অবৈধ দখলে রয়েছে। যথাযথ উচ্ছেদ না হওয়ায় পানি নিষ্কাশনে বড় ধরণের সমস্যা তৈরি হয়েছে।

আবহাওয়া অফিস এবং স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী কয়েকদিন টানা ভারি বর্ষণের পূর্বাভাস রয়েছে। এর ফলে শুধু ফেনী নয়, পাশের জেলাগুলোর মধ্যে লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলাতেও নতুন করে বন্যার শঙ্কা দেখা দিয়েছে।

উল্লেখ্য, গত বছরের আগস্ট মাসে নোয়াখালী অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছিলো। সেই অভিজ্ঞতা এখনো মানুষ ভুলতে পারেনি। এবারও সময়মতো খাল ও ড্রেন সংস্কার না হওয়ায় নতুন করে দুর্ভোগে পড়তে হতে পারে সাধারণ মানুষকে।