এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি ঘিরে আওয়ামী লীগের সতর্কবার্তা
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শীর্ষ নেতারা দেশের বিভিন্ন জেলায় পথযাত্রা ও সমাবেশ করছে। এরই ধারাবাহিকতায় আগামীকাল বুধবার (১৬ জুলাই) দলটি ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির অংশ হিসেবে পথসমাবেশও করার কথা রয়েছে এনসিপির।
এদিকে ভারতীয় গণমাধ্যম দ্য ওয়াল দাবি করেছে, এই কর্মসূচিকে ঘিরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে হামলার পরিকল্পনার আশঙ্কা করছে আওয়ামী লীগ। এজন্য গোপালগঞ্জসহ আশপাশের জেলার নেতাকর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে। দলটির হোয়াটসঅ্যাপ গ্রুপে এমন বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে বলেও জানায় সংবাদমাধ্যমটি।
দ্য ওয়াল-এর প্রতিবেদন অনুযায়ী, আওয়ামী লীগের ধারণা, এনসিপি, জামায়াত, শিবির ও বিএনপির নেতাকর্মীরা গোপালগঞ্জ ও পার্শ্ববর্তী এলাকায় বিভিন্ন বাড়িতে আশ্রয় নিয়েছে। তারা সুযোগ পেলেই বঙ্গবন্ধুর সমাধি স্থলে নাশকতা চালাতে পারে—যেমনটা একসময় ধানমণ্ডি ৩২ নম্বর বাড়ির ক্ষেত্রেও ঘটেছিল। নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে সেনা ও পুলিশ মোতায়েনের পাশাপাশি আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদেরও সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
আওয়ামী লীগের অভ্যন্তরীণ বার্তায় বলা হয়েছে, টুঙ্গিপাড়ার সমাধি কেবল একটি কবরস্থান নয়, বরং এটি বাঙালির আত্মপরিচয়ের প্রতীক। অথচ এনসিপি ও জামায়াত-সমর্থিত একটি গোষ্ঠী সেখানে হামলার ষড়যন্ত্র করছে।
এই বিষয়ে এনসিপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
