পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• গঠনতন্ত্র লঙ্ঘন ও একচ্ছত্র আধিপত্যের অভিযোগে গাজীপুর ট্রান্সপোর্ট মালিক সমিতির একাংশের সংবাদ সম্মেলন • লক্ষ্মীপুরে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস: নারীসহ নিহত ৩, আহত ১৫ • তথ্য দিতে অপারগতা: রাজশাহী প্রাণিসম্পদ দপ্তর প্রকল্পে অনিয়মের অভিযোগ • নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন • শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি নিয়ে ফুলবাড়ীয়ায় আলোচনা • এমপি রুবেলের আশু রোগমুক্তির জন্য শ্রীবরদীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত • গার্মেন্টস শ্রমিক তৌফিক হত্যার বিচারের দাবিতে হবিগঞ্জে বাসদ ও শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ • তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, মাদারীপুর শাখার বার্ষিক পুরস্কার বিতরণী সম্পন্ন
লিঙ্ক কপি হয়েছে!

নেত্রকোনার ঐতিহ্যবাহী বালিশ মিষ্টি পেল জিআই স্বীকৃতি

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৯ পিএম

নিজস্ব প্রতিনিধি: নেত্রকোনার শতবর্ষের ঐতিহ্যের ধারক ‘বালিশ মিষ্টি’। নেত্রকোনার অনন্য এই মিষ্টি এবার দেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। সম্প্রতি পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি) বালিশ মিষ্টিকে দেশের ৫৮তম জিআই পণ্য হিসেবে তালিকাভুক্ত করেছে।

বালিশ মিষ্টির উৎপত্তি নেত্রকোনা শহরের বারহাট্টা রোড এলাকায়। আনুমানিক ১২০ বছর আগে স্থানীয় মিষ্টান্ন প্রস্তুতকারক গয়ানাথ ঘোষ প্রথম এই মিষ্টি তৈরি করেন। ছোট বালিশের মতো লম্বাটে ও তুলতুলে আকারের জন্যই এর নাম ‘বালিশ মিষ্টি’। সাধারণ সন্দেশ বা রসগোল্লা থেকে একেবারেই ভিন্ন এই মিষ্টি এখন নেত্রকোনার সামাজিক অনুষ্ঠান, উৎসব ও উপহারের অপরিহার্য অংশ। গয়ানাথ ঘোষের তৃতীয় প্রজন্ম এখনো এই মিষ্টি বানানোর ঐতিহ্য ধরে রেখেছে।

নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে ২০২৩ সালে ডিপিডিটিতে বালিশ মিষ্টির জিআই স্বীকৃতির জন্য আবেদন করা হয়। পণ্যের ইতিহাস, উৎপাদনপ্রক্রিয়া ও বিশেষ বৈশিষ্ট্য তুলে ধরে বিস্তৃত প্রতিবেদন দাখিলের পর যাচাই-বাছাই শেষে সম্প্রতি এর স্বীকৃতি মেলে।

গয়ানাথ মিষ্টান্ন ভাণ্ডারের বর্তমান কর্ণধার ও গয়ানাথ ঘোষের নাতি বাবুল চন্দ্র মোদক বলেন, ‘বালিশ মিষ্টি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় আমরা গর্বিত। দাদার হাতে যে মিষ্টির সূচনা হয়েছিল, তা আজ দেশের গৌরবের প্রতীকে পরিণত হলো।’ তিনি জানান, ১৯৬৫ সাল থেকে তার বাবা নিখিল চন্দ্র মোদক এবং এখন তৃতীয় প্রজন্মের তিন ভাই মিলে প্রতিষ্ঠানটি চালিয়ে যাচ্ছেন।

নেত্রকোনার জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান সাংবাদিকদের বলেন, ‘এর আগে বিজয়পুরের সাদামাটি জিআই সনদ পেয়েছিল। এবার বালিশ মিষ্টি যুক্ত হওয়ায় নেত্রকোনাবাসীর গর্ব আরও বেড়ে গেল। আমরা এটিকে জেলার ব্র্যান্ডিং হিসেবে তুলে ধরতে কাজ করব।’

এর আগে ২০২১ সালে নেত্রকোনার দুর্গাপুরের বিজয়পুরের সাদামাটি জিআই স্বীকৃতি পেয়েছিল। ২০২৫ সালে এসে বালিশ মিষ্টির এই অর্জন জেলার জন্য আরেকটি ঐতিহাসিক গৌরব যোগ করল। শত বছর আগে গড়ে ওঠা এই মিষ্টি এখন শুধু স্থানীয় স্বাদের সীমায় নয়, আন্তর্জাতিক স্বীকৃত ঐতিহ্যের মিষ্টি প্রতীকে পরিণত হয়েছে