এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হচ্ছে ১৬ অক্টোবর
চলতি বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি),আলিম ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১৬ অক্টোবর প্রকাশের সম্ভাবনা রয়েছে। শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা এ বিষয়ে সম্মত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বৈঠকে ফল প্রকাশের এ প্রস্তাব গৃহীত হয়। বৈঠকে উপস্থিত এক শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানান, শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে এবং মন্ত্রণালয়ের অনুমোদন পেলে নির্ধারিত দিনেই একযোগে সব বোর্ডের ফলাফল প্রকাশ করা হবে।
চলতি বছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয় ১৯ আগস্ট, আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত। মোট ১২ লাখেরও বেশি শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নেয়। পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ করতে হয়।
এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র ও ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। সারাদেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
