রেজাউল করিমকে ঘিরে এনি চৌধুরীর নতুন অভিযোগ, ২৪ ঘণ্টার ব্যবধানে নাটকীয় মোড়
লক্ষ্মীপুর প্রতিনিধি: বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এনি জামায়াত নেতা ও লক্ষ্মীপুর সদর–৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. রেজাউল করিমের বিরুদ্ধে বেগম খালেদা জিয়াকে নিয়ে ‘কটূক্তি করার’ অভিযোগ প্রত্যাহারের ২৪ ঘণ্টার মাথায় আবারও একই অভিযোগ তুলেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
গত ১৬ ডিসেম্বর লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে স্টার নিউজ আয়োজিত একটি টকশো অনুষ্ঠিত হয়। এতে লক্ষ্মীপুর সদর–৩ আসনের সংসদ সদস্য প্রার্থীরা ও লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের একপর্যায়ে বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এনি জামায়াত মনোনীত প্রার্থী ড. রেজাউল করিমের বিরুদ্ধে অভিযোগ তোলেন যে, তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে মিথ্যা ও কটূক্তিমূলক বক্তব্য দিয়েছেন।
এ অভিযোগের জবাবে ড. রেজাউল করিম তা স্পষ্টভাবে অস্বীকার করেন। তিনি বলেন, “আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি কখনো বেগম খালেদা জিয়াকে নিয়ে কোনো মিথ্যা, কটূক্তিমূলক বা উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দিইনি।”
এরপর প্রকাশ্য মঞ্চেই শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেন, “আজ থেকে আমি আর কোথাও এ কথা বলব না যে, আপনি আমার নেত্রীকে নিয়ে মিথ্যা বক্তব্য দিয়েছেন।” এ ঘোষণার পর তখন ধারণা করা হয়েছিল, দীর্ঘদিনের এই বিতর্কের অবসান ঘটেছে।
তবে নাটকীয় মোড় আসে পরদিন ১৭ ডিসেম্বর। এদিন এনি পুনরায় একই অভিযোগ সামনে আনেন। তিনি দাবি করেন, আগের দিনের বক্তব্য রেকর্ড করা হলেও কিছু গণমাধ্যম তা বিকৃতভাবে প্রচার করেছে। যদিও অনুষ্ঠানের পূর্ণ ভিডিও বিশ্লেষণে দেখা যায়, বক্তব্য হুবহু প্রচার করা হয়েছে।
এদিন তিনি আরও বলেন, ড. রেজাউল করিমকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে। অথচ মাত্র ২৪ ঘণ্টা আগেই তিনি প্রকাশ্যে জানিয়েছিলেন, আর কখনো এই অভিযোগ করবেন না।
একদিন অভিযোগ প্রত্যাহার এবং পরদিন একই অভিযোগ পুনরাবৃত্তি—এই পরস্পরবিরোধী অবস্থানই লক্ষ্মীপুরের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে চলছে নানা প্রশ্ন ও আলোচনা।
