ফুলবাড়ীতে ১,১৭০ কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ১৭০ জন কৃষকের মাঝে বিনামূল্যে গাছের চারা, শাকসবজির বীজ, জৈব সার, ডিএপি ও এমওপি সার এবং বাঁশের খুঁটি বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে উপজেলা কৃষি কর্মকর্তা নিরূপা ইয়াছমিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতার। এমপি প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুর রহমান। এছাড়া সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শিশির কুমার ঈশ্বরসহ কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন: কুড়িগ্রামের ফুলবাড়িতে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় ৩২০ জন কৃষকের প্রত্যেককে ৫টি করে গাছের চারা, ২৫ কেজি জৈব সার এবং ৫টি করে বাঁশের খুঁটি প্রদান করা হয়। এ কর্মসূচির মাধ্যমে মোট ১ হাজার ৬০০টি গাছের চারা বিতরণ করা হয়েছে।
এছাড়া খরিপ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৮৫০ জন কৃষকের মাঝে লাউ, বেগুন, চালকুমড়া, পুঁইশাক, কলমি শাক, মিষ্টি কুমড়া ও শশার বীজ বিতরণ করা হয়। একই সঙ্গে প্রত্যেক কৃষককে ১৫ কেজি ডিএপি এবং ১৫ কেজি এমওপি সার দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের উৎপাদন ব্যয় কমানো, পুষ্টিকর শাকসবজির চাষ সম্প্রসারণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কার্যক্রমকে আরও গতিশীল করতেই সরকারের এ সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।