পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
• সমবায় সমিতির ​টাকা আনতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ ব্যবসায়ী সুজন মিয়া: ৪ দিনেও মেলেনি সন্ধান • রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ • টঙ্গীতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ • সাভারে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩। • কুড়িগ্রামের ফুলবাড়িতে ডিবি পুলিশের অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ ২ মাদক কারবারি আটক! • আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ! • টঙ্গীতে চাঞ্চল্যকর নুরুল ইসলাম হত্যা এজাহার নিয়ে ক্ষোভ, ‘মূল হোতাদের’ বাদ দেওয়ার অভিযোগ • শ্রীবরদী সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত
লিঙ্ক কপি হয়েছে!

ঝালকাঠিতে ১৬ আইনজীবীর সদস্যপদ বাতিল!

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১৮ জুন ২০২৫, ০৬:২০ পিএম
ঝালকাঠিতে ১৬ আইনজীবীর সদস্যপদ বাতিল!
ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সম্পাদকসহ আওয়ামীপন্থী ১৬ জন প্রভাবশালী আইনজীবীর সদস্যপদ বাতিল করেছে সমিতির বর্তমান কার্যনির্বাহী কমিটি। তবে বিতর্কিত আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এবং ব্যারিস্টার শাহজাহান ওমরের সদস্যপদ বহাল থাকায় সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শাহাদাৎ হোসেন এবং সাধারণ সম্পাদক অ্যাড. মো. নাসিমুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে সদস্যপদ বাতিলের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সোমবার (১৬ জুন) দুপুরে এ সিদ্ধান্ত প্রকাশ্যে আসে।

বাতিল হওয়া আইনজীবীদের মধ্যে রয়েছেন—জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, সাবেক সভাপতি আবদুল মান্নান রসুল, সহ-সভাপতি মঞ্জুর হোসেন ও তাঁর ছেলে মোর্শেদ কামাল, সাবেক সরকারি কৌশলী (জিপি) তপন কুমার রায় চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এম আলম খান কামাল, আ.স.ম মোস্তাফিজুর রহমান (মনু), মাহাবুবুর রহমান তালুকদার, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমিতির সদস্য সচিব জি.কে মোস্তাফিজুর রহমান, সাবেক এপিপি সঞ্জয় কুমার মিত্র, মো. আনোয়ার হোসেন হাওলাদার, কার্তিক চন্দ্র দত্ত, সৈয়দ মো. জাহাঙ্গীর শামীম, তানজিলা হক, মো. আবুল বাশার এবং আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এস. এম. রুহুল আমীন রিজভী।

তবে চিঠিতে সদস্যপদ বাতিলের কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। শুধুমাত্র বলা হয়েছে, “গত ২২ এপ্রিলের কার্যনির্বাহী কমিটির সভায় আপনার সদস্যপদ বাতিল করা হয়েছে।”

এ বিষয়ে সমিতির ভর্তি বিষয়ক সম্পাদক অ্যাড. আক্কাস সিকদার বলেন, “শুধু আওয়ামীপন্থী নন, বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক ও অনিয়মিত প্রায় ৩০ জনের সদস্যপদ বাতিলের বিষয়ে আলোচনা হয়েছিল। তবে সাধারণ সভা ছাড়া এত বড় সিদ্ধান্ত গঠনতন্ত্র অনুযায়ী কার্যকর করা যায় না।”

কার্যনির্বাহী সদস্য অ্যাড. আনিসুর রহমান খান ‘পেজ দ্যা নিউজ’ কে বলেন, “সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হলেও প্রকৃতপক্ষে সভায় এমন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। বিষয়টি সাধারণ সভায় উপস্থাপন করার কথা ছিল।”

বাতিল হওয়া সদস্য অ্যাড. কার্তিক চন্দ্র দত্ত ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের সদস্যপদ অন্যায়ভাবে বাতিল করা হয়েছে। আমরা শিগগিরই আইনি পদক্ষেপ নেব।”

অন্যদিকে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও শহর বিএনপির সভাপতি অ্যাড. মো. নাসিমুল হাসান বলেন, “তদন্ত কমিটির প্রতিবেদনে প্রমাণিত হয়েছে, তাঁরা বিগত সরকারের আমলে নানা অনিয়ম ও সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিলেন। গঠনতন্ত্র অনুযায়ী তাঁদের সদস্যপদ বাতিল করা হয়েছে।”

এ ঘটনায় জেলা আইনজীবী সমিতিতে অভ্যন্তরীণ দ্বন্দ্ব আরও তীব্র আকার ধারণ করেছে। অনেকেই মনে করছেন, এটি রাজনৈতিক প্রতিহিংসার ফল।