পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শুক্রবার, ২৬ জুন, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরে পেলো জামায়াতে ইসলামী

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২৪ জুন ২০২৫, ০৬:৫৭ পিএম

বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পুনর্বহাল করেছে। দলটি ফিরে পেয়েছে তাদের পুরনো প্রতীক ‘দাঁড়িপাল্লা’ও।

মঙ্গলবার (২৪ জুন) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আখতার হোসেনের সই করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০০৮ সালের ৪ নভেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নামে নিবন্ধন (নং ০১৪) প্রদান করা হয়। কিন্তু ২০০৯ সালে দায়ের হওয়া একটি রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ২০১৩ সালের ১ আগস্ট দলটির নিবন্ধন অবৈধ ঘোষণা করে। এর ভিত্তিতে ২০১৮ সালের ২৮ অক্টোবর নির্বাচন কমিশন দলটির নিবন্ধন বাতিল করে।

পরবর্তীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আপিল ও লিভ টু আপিল দায়ের করা হয়। দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে দলটির নিবন্ধন পুনর্বহালের আদেশ দেয়।

সর্বশেষ আপিল বিভাগের রায় অনুযায়ী ২০১৮ সালের নিবন্ধন বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপনটি বাতিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন এবং দাঁড়িপাল্লা প্রতীক পুনরায় বহাল করা হয়েছে।

উল্লেখ্য, এক-এগারোর সময় ২০০৮ সালে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে জামায়াত প্রথম নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পায়। পরে সরকার পরিবর্তনের পর দলটির নিবন্ধনের বৈধতা নিয়ে আইনি প্রক্রিয়া শুরু হয়, যার চূড়ান্ত নিষ্পত্তি হলো ২০২৫ সালের জুন মাসে।