বিপিএলে দল নিতে আবেদন করেছে নোয়াখালী রয়্যালস
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরে নতুন একটি দলের যুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। নোয়াখালী থেকে অংশ নেওয়ার উদ্দেশ্যে ‘নোয়াখালী রয়্যালস’ নামের একটি ফ্র্যাঞ্চাইজি এবারের আসরে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আবেদন জমা দিয়েছে।
সোমবার (৩০ জুন) বিসিবির কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন পত্র জমা দেয় দলটির মালিক প্রতিষ্ঠান শায়ান্স গ্লোবাল। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, তারা বিপিএলের সব নিয়ম অনুসরণ করেই অংশগ্রহণের প্রস্তুতি নিয়েছে।
শায়ান্স গ্লোবালের প্রতিনিধি বাদল গণমাধ্যমে বলেন, “আমরা বিসিবির সিদ্ধান্তের অপেক্ষায় আছি। আমাদের প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রয়েছে। আশা করছি, আবেদনটি গৃহীত হবে এবং নোয়াখালীর মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হবে।”
এর আগে, ২৪ জুন বিসিবি সভাপতির কাছে পাঠানো এক চিঠিতে প্রতিষ্ঠানটি জানায়, শুধু বিপিএলে অংশগ্রহণ নয়, বরং নোয়াখালী অঞ্চলে ক্রিকেটের সার্বিক উন্নয়নেও কাজ করতে চায় তারা।
সবকিছু ঠিকঠাক থাকলে এ বছরের ডিসেম্বরে মাঠে গড়ানো আসন্ন বিপিএলে নতুন রঙ হিসেবে দেখা যেতে পারে নোয়াখালী রয়্যালসকে।
