চট্টগ্রামে ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ধসে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ বেশ কয়েকজন নেতা নিচে পড়ে যান। তবে এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি।
শুক্রবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে দোহাজারী পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ত্রাণ বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে অর্থমন্ত্রী মঞ্চে ওঠার পর অতিরিক্তসংখ্যক নেতা-কর্মী ও অতিথি একসঙ্গে মঞ্চে উঠলে সেটি ধসে পড়ে। এতে অর্থমন্ত্রীর পাশাপাশি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমদ, পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এবং বোয়ালখালী আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহসহ উপস্থিত নেতারা নিচে পড়ে যান।
তবে সবাই দ্রুত উঠে দাঁড়ান এবং কারও গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। পরে অর্থমন্ত্রী পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে সাতকানিয়ার উদ্দেশে রওনা দেন।
এদিকে, অর্থমন্ত্রী চলে যাওয়ার পর স্থানীয় নেতারা ত্রাণ বিতরণ শুরু করলে উপকারভোগীদের মধ্যে হুড়োহুড়ির সৃষ্টি হয়। এ সময় ঠেলাঠেলিতে নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান বলেন, অতিরিক্ত লোকজনের চাপে মঞ্চটি ভেঙে পড়ে। এতে মঞ্চে থাকা সবাই নিচে পড়ে গেলেও কেউ আহত হননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর ত্রাণ বিতরণ কার্যক্রম পুনরায় শুরু হয়।
ত্রাণ নিতে গিয়ে আহত হওয়ার বিষয়ে জানতে চাইলে ইউএনও বলেন, ওই সময় তিনি ঘটনাস্থল ত্যাগ করায় পরবর্তী হুড়োহুড়ির ঘটনাটি তার জানা নেই।
