ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি বন্ধের দাবি যাত্রী কল্যাণ সমিতির
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের সড়ক, নৌ ও আকাশপথে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য এবং যাত্রী হয়রানির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। আজ এক যৌথ বিবৃতিতে সংগঠনের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাকারিয়া এবং মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান।
বিবৃতিতে তারা বলেন, “প্রতি বছর ঈদযাত্রাকে ঘিরে ভাড়াবৃদ্ধির একটি অশুভ প্রতিযোগিতা শুরু হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। সরকারের তরফ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস থাকলেও বাস্তব চিত্র ভিন্ন। বাস ও লঞ্চ মালিকরা যাত্রীদের কাছ থেকে নানা কৌশলে অতিরিক্ত ভাড়া আদায় করছেন।”
সমিতির তথ্য অনুযায়ী, এবারের ঈদে ঢাকা থেকে উত্তরবঙ্গের বিভিন্ন রুটে এসি ও নন-এসি বাসে গড়ে ৩০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। চট্টগ্রাম থেকে উত্তরবঙ্গগামী বাসে আদায় করা হচ্ছে দ্বিগুণ ভাড়া। এছাড়া কুমিল্লা, নোয়াখালী, ফেনী, বগুড়া, নওগাঁ, পঞ্চগড় ও ঠাকুরগাঁওসহ দেশের বিভিন্ন জেলা থেকেও অতিরিক্ত ভাড়া আদায়ের তথ্য পাওয়া গেছে।
এদিকে, ঢাকার সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলের রুটে ঈদের অগ্রিম টিকিটের ক্ষেত্রেও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। আকাশপথেও ভাড়া বাড়ানো হয়েছে অস্বাভাবিকভাবে—বিশেষ করে ঢাকা-সৈয়দপুর, ঢাকা-কক্সবাজার, ঢাকা-চট্টগ্রামসহ অভ্যন্তরীণ রুটগুলোতে ভাড়া অনেকগুণ বেড়ে গেছে, যা যাত্রীদের ভোগান্তি বাড়িয়েছে।
যাত্রী কল্যাণ সমিতি অবিলম্বে সকল পরিবহনপথে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ এবং হয়রানি রোধে কঠোর নজরদারি ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছে।
