পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

জাতীয় মসজিদ বাইতুল মোকাররামে ঈদুল আজহার জামাত সম্পন্ন

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ৭ জুন ২০২৫, ০৮:৩১ এএম

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আজ শনিবার পবিত্র ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে।

প্রথম জামাতে ইমামতি করেন যাত্রাবাড়ীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ বিশিষ্ট আলেম ড. খলিলুর রহমান মাদানী। মুকাব্বিরের দায়িত্ব পালন করেন বায়তুল মোকাররম মসজিদের খাদেম মো. আব্দুল হাদী।

নামাজে অংশ নিতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা ভোর থেকেই জাতীয় মসজিদমুখী হন। ফজরের নামাজের পর থেকেই মসজিদ এলাকায় মুসল্লিদের ভিড় বাড়তে থাকে। সকাল পৌনে ৭টার দিকে বায়তুল মোকাররম মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

নামাজ শেষে মুসল্লিরা দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় মহান আল্লাহর দরবারে মোনাজাত করেন। মোনাজাত শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

জাতীয় মসজিদে আজ চারটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রতিটি জামাতের সময় ও ইমামতিত্বে দায়িত্বপ্রাপ্ত আলেমদের নাম পূর্বেই ঘোষণা করেছে ইসলামিক ফাউন্ডেশন।

এদিন সারাদেশের ন্যায় রাজধানীর অন্যান্য স্থানে এবং খোলা ময়দানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজের মধ্য দিয়ে কুরবানির আনুষ্ঠানিকতা শুরু হয়, যা আগামী তিন দিন পর্যন্ত চলবে।