পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২৫ মে, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

লক্ষ্মীপুরে জামায়াত নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগ, অভিযুক্ত বিএনপি নেতা

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২৪ মে ২০২৬, ১১:৪১ পিএম

লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বাজারে জামায়াত ও বিএনপি সমর্থকদের মধ্যে উত্তেজনা, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ মে) বিকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ১৪ নং মান্দারী ইউনিয়নে জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট রেজাউল ইসলাম খান সুমনের টানানো ঈদ শুভেচ্ছার পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে প্রথমে উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, স্থানীয় বিএনপি নেতা আক্তার হোসেন পোস্টারগুলো অপসারণ করেন। এ ঘটনায় জামায়াতের নেতাকর্মীরা প্রতিবাদ জানালে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

পরবর্তীতে রাত আনুমানিক ৮টার দিকে মান্দারী বাজার এলাকায় আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় একদল লোক বাজারে এসে বিভিন্ন স্লোগান দিতে থাকে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পরে জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট সুমনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে দোকানের বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনায় অ্যাডভোকেট সুমন ও তার ভাই জাহিদ আহত হয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে ঘটনাস্থলে সংবাদ সংগ্রহে যাওয়া কয়েকজন সাংবাদিকও হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সাংবাদিকদের দাবি, পরিস্থিতি ধারণ করতে গেলে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি তাদের বাধা দেন এবং ভয়ভীতি প্রদর্শন করেন।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলছেন, স্থানীয় রাজনৈতিক বিরোধের কারণে বাজার এলাকার স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে এবং সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে।

জামায়াত নেতারা দাবি করেছেন, স্থানীয় নির্বাচনে জনপ্রিয়তা বৃদ্ধির কারণে তাদের প্রার্থীর ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।