পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ১৭ মে, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

লক্ষ্মীপুরের রায়পুরে মাছঘাটের আধিপত্যকে কেন্দ্র করে ‎ বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

মোহাম্মদ মারুফ
মোহাম্মদ মারুফ , জেলা প্রতিনিধি প্রকাশিত: ১৬ মে ২০২৬, ১১:৩৫ পিএম

রায়পুরে মাছঘাটের আধিপত্যকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রাব্বি (২২), ফরহাদ (২৭), সুমন (৩০) ও দেলোয়ার (৩২) গুরুতর বলে জানা গেছে।

‎শনিবার (২৬ মে) সকাল ১০টার দিকে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের সাজু মোল্লার মাছঘাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

‎স্থানীয় বিএনপি নেতা শফি উদ্দিন অভিযোগ করেন, একই ইউনিয়নের বিএনপি নেতা ফারুক সরদার, যুবদল নেতা আবুল কালাম আজাদ (বলি) ও তারেক সরদারের নেতৃত্বে শতাধিক বহিরাগত লোক মাছঘাট দখলের উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায়। এতে রাব্বি ও ফরহাদসহ অন্তত আটজন আহত হন।

‎তবে অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ডের সহ-সভাপতি ফারুক সরদার বলেন, গত ১৭ বছর ধরে আমি ও কয়েকজন মিলে যৌথভাবে ঘাট পরিচালনা করে আসছি। আজকের ঘটনায় তারা নিজেদের মধ্যে মারামারি করেছে। পরে আমাদের ওপরও হামলা চালানো হয়। এতে আমাদের পক্ষের দেলোয়ার ও সুমন আহত হয়েছেন।

‎এদিকে উত্তর চর আবাবিল ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ (বলি) বলেন, ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে। বরং আমি মারামারি থামানোর চেষ্টা করেছি।

‎খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান।

‎শফি সরদার উত্তর চরবংশী ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক এবং মহিউদ্দিন গাজী একই ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। অন্যদিকে ফারুক সরদার একই ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি এবং আবুল কালাম আজাদ (বলি) উত্তর চর আবাবিল ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি।

‎উল্লেখ্য, এর আগে গত ৭ এপ্রিল ২০২৫ উপজেলার উত্তর চরবংশীর মালেক খাঁ ব্রিজ সংলগ্ন এলাকায় বিএনপির দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে স্পেনপ্রবাসী সাইজউদ্দিন দেওয়ান ও জসিম উদ্দিন বেপারী নিহত হন।

‎রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।