পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

পেকুয়ায় অস্ত্র ও গোলাবারুদসহ অস্ত্রধারী গ্রেফতার, র‍্যাব-১৫ এর অভিযান

কামরুল ইসলাম  প্রকাশিত: ৪ জুন ২০২৬, ০৬:৩৫ পিএম

কক্সবাজারের পেকুয়া উপজেলায় অভিযান চালিয়ে ২টি দেশীয় তৈরি ব্যারেল সংযুক্ত একনালা বন্দুক, গোলাবারুদ ও কার্তুজসহ এক অস্ত্রধারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক এবং অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে র‌্যাব-১৫, সিপিসি ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পেকুয়া উপজেলার শিলখালী গ্রামের কাছেমুল উলুম মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানা মসজিদের সংলগ্ন পাকা তিন রাস্তার মোড়ে কয়েকজন ব্যক্তি সন্দেহজনকভাবে অবস্থান করছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৪ জুন) রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে র‌্যাবের একটি দল সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে একজন পেশাদার অস্ত্রধারীকে আটক করা হয়।

আটক ব্যক্তির দেহ তল্লাশি ও হেফাজত থেকে ২টি দেশীয় তৈরি ব্যারেল সংযুক্ত একনালা বন্দুক, ২টি তাজা বন্দুকের কার্তুজ, ২টি ব্যবহৃত কার্তুজের খোসা এবং ৫ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন আহম্মদ নুর, তিনি পেকুয়া উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের সরকারি ঘোনা এলাকার মৃত আব্দুল হকের ছেলে।

র‌্যাব-১৫ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ রাখার অভিযোগে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে তাকে পেকুয়া থানায় হস্তান্তর করা হচ্ছে।

র‌্যাব-১৫ জানিয়েছে, সন্ত্রাস, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে তাদের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।