পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

জামালপুরের মাদারগঞ্জে হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু

আশিকুর রহমান
আশিকুর রহমান , উপজেলা প্রতিনিধি প্রকাশিত: ৪ জুন ২০২৬, ১০:৩৬ পিএম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় তীব্র গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে টুনু আকন্দ (৬২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত টুনু আকন্দ মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ এলাকার আকন্দবাড়ীর বাসিন্দা এবং মৃত সাদেক আকন্দের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে মাঠে খড় শুকানোর কাজ করতে গিয়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকে তার শ্বাসকষ্ট শুরু হয় এবং রাতভর শারীরিক অবস্থার অবনতি ঘটে।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তাকে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে ময়মনসিংহে নেওয়ার পথে নান্দিনা-গোপালপুর এলাকায় তিনি মারা যান।

নিহতের নাতি মামুন জানান, প্রচণ্ড রোদের মধ্যে খড় শুকানোর কাজ করার সময় তার দাদা অসুস্থ হয়ে পড়েন। পরে শ্বাসকষ্ট বেড়ে গেলে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

মৃত্যুকালে টুনু আকন্দ স্ত্রী, তিন ছেলে ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার বড় ছেলে সিজান (৩২) কুয়েত প্রবাসী, মেঝো ছেলে সিফাত (২৫) বিদেশ ফেরত এবং ছোট ছেলে রিফাত (১৫) চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ফলাফলের অপেক্ষায় রয়েছে। রিফাত বর্তমানে ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছে।

এদিকে টুনু আকন্দের মৃত্যুর খবরে বাড়িতে শোকের মাতম শুরু হয়েছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় জানান, গত দুই দিনে উপজেলার দুটি ইউনিয়নে হিটস্ট্রোকে দুইজনের মৃত্যু হয়েছে।