পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ১০ আগস্ট, ২০২৬
শিরোনাম
রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসি পাসের হার ৬৩.৬৭ বর্ষসেরাদের নাম ঘোষণা করলো তরুণ কলাম লেখক ফোরাম জাতীয় বিশ্ববিদ্যালয় শাখা ফুটওভারের দাবিতে মাদ্রাসা শিক্ষার্থীদের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, দাবি মেনে নেয়ায় প্রত্যাহার! নজরুল বিশ্ববিদ্যালয়ে Research Excellence Award 2026 প্রদান অনুষ্ঠান সম্পন্ন। অভিনব কায়দায় ওয়ারেন্টভুক্ত আসামির ক্রেতা সেজে গ্রেপ্তার: রাজশাহী জেলা পুলিশ ঢাকা আলিয়ায় বিস্ফোরণের অভিযোগ, পরীক্ষার্থীদের মধ্যে আতঙ্ক টঙ্গীতে কাভার্ডভ্যানের চাপায় তামীরুল মিল্লাতের নবম শ্রেণির শিক্ষার্থী নিহত! মসূয়ায় কামাল সরকারের উদ্যোগে নুরানী ক্যাডেট মাদ্রাসায় বৃক্ষরোপণ
লিঙ্ক কপি হয়েছে!

পটুয়াখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অস্বাস্থ্যকর খাবার সংরক্ষণের দায়ে রেস্তোরাঁ সিলগালা

মোঃ হাসিব পেসকার
মোঃ হাসিব পেসকার , উপজেলা প্রতিনিধি প্রকাশিত: ৮ জুন ২০২৬, ১০:৪১ এএম

খাদ্যের স্বাস্থ্যগত ও গুণগত মান নিশ্চিতকরণ এবং ভোক্তা অধিকার সংরক্ষণের লক্ষ্যে পটুয়াখালী শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণের দায়ে একটি ফাস্টফুড রেস্তোরাঁকে জরিমানা ও সিলগালা করা হয়েছে।

শনিবার (৭ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে পটুয়াখালী শহরের তিতাস মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানকালে তিতাস মোড়ে অবস্থিত ‘চাই পাই’ নামের একটি ফাস্টফুড রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এ সময় রেস্তোরাঁটিতে পচা ও ছত্রাকযুক্ত পিৎজা, বার্গার, রুটি এবং বাসি মেয়োনিজ মজুদ অবস্থায় পাওয়া যায়।

জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব খাদ্যসামগ্রী বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে তাৎক্ষণিকভাবে রেস্তোরাঁটি সিলগালা করা হয়।

অভিযান চলাকালে হোটেল ও রেস্তোরাঁ মালিকদের নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও ভেজালমুক্ত খাবার প্রস্তুত এবং পরিবেশনের বিষয়ে সতর্ক করা হয়। ভবিষ্যতে এ ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

এ সময় স্যানিটারি ইন্সপেক্টর, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি কোনো প্রতিষ্ঠানে ভেজাল বা অস্বাস্থ্যকর খাবার পাওয়া গেলে জাতীয় ভোক্তা অভিযোগ কেন্দ্রের ১৬১২১ নম্বরে অভিযোগ জানানোর জন্য নাগরিকদের আহ্বান জানানো হয়েছে।