পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ১৪ জুন, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

মাদক ব্যবসায়ীরা হাতিয়ে নিয়েছে অঢেল অর্থ: ভূমিমন্ত্রী মিনু

আবু কাওসার মাখন
আবু কাওসার মাখন , বিশেষ প্রতিনিধি প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ০৬:৪১ পিএম

রাজশাহীতে অনুষ্ঠিত এক সেমিনারে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু দাবি করেছেন, গত ২০ বছরে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে শুধু মাদক ব্যবসা করেই প্রায় এক হাজার ব্যক্তি কোটিপতি হয়েছেন। তিনি এসব মাদক কারবারিকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দিয়েছেন।

শনিবার (১৩ জুন) দুপুরে রাজশাহীর নানকিং দরবার হলে ‘নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইন সুরক্ষা: চ্যালেঞ্জ ও প্রতিকার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ভূমিমন্ত্রী বলেন, “উন্নয়ন ও অর্জনের ক্ষেত্রে রাজশাহী সবসময়ই অগ্রগামী ছিল। কিন্তু গত দুই দশকে নানা কারণে সেই অগ্রযাত্রা ব্যাহত হয়েছে। মাদক ব্যবসার বিস্তার সমাজকে ক্ষতিগ্রস্ত করেছে। মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”

তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অতীতের ভুলত্রুটি ভুলে নতুন উদ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানান।

পুলিশের রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান। এতে বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

সেমিনারে বক্তারা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইনের যথাযথ প্রয়োগ, জনসচেতনতা বৃদ্ধি এবং দ্রুত বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এদিকে, ভূমিমন্ত্রীর বক্তব্যের পর রাজশাহীর কয়েকটি সামাজিক সংগঠনের পক্ষ থেকে মাদক নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।