পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ২০ জুন, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

হবিগঞ্জে পুলিশ সদস্যের মোটরসাইকেল ধাক্কায় এক পথচারীর মৃত্যু!

শাহরিয়ার খান নাফিজ (বিশেষ প্রতিনিধি) প্রকাশিত: ১৯ জুন ২০২৬, ০৫:২৬ পিএম

হবিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় এক প্রবীণ নাগরিকের মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনায় এক পুলিশ সদস্যের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে, যা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

পরিবারের অভিযোগ ও সংগৃহীত সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জানা যায়, গত ১৬ জুন দুপুরে হবিগঞ্জ শহরের একটি সড়কে ফতুয়া ও লুঙ্গি পরা অবস্থায় রাস্তার পাশে হেঁটে যাচ্ছিলেন জহর আলী (৭০) একজন স্থানীয় প্রবীণ নাগরিক। ঠিক সেই সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল পিছন দিক থেকে এসে তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

অভিযোগ অনুযায়ী, মোটরসাইকেলটির আরোহী একজন পুলিশ সদস্য ছিলেন, যার পরিচয় পরে হবিগঞ্জ সদর থানার ওসির কাছ থেকে আংশিকভাবে নিশ্চিত করা হয়েছে। ওসির ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি অন্য একটি ইউনিটে কর্মরত।

ঘটনার পর সিসিটিভি ফুটেজে দেখা যায়, ধাক্কা দেওয়ার পর মোটরসাইকেল আরোহী ঘটনাস্থল থেকে দ্রুত সরে যান এবং আহত ব্যক্তির প্রতি কোনো ধরনের মানবিক সহায়তা না করে স্থান ত্যাগ করেন।

পরবর্তীতে আরও একটি ফুটেজে দেখা যায়, সংশ্লিষ্ট মোটরসাইকেলটি পরে ফায়ার সার্ভিস রোড এলাকায় মেরামতের জন্য নেওয়া হয়।

অন্যদিকে, আহত অবস্থায় জহর আলীকে প্রথমে এক মানবিক নারী স্থানীয়ভাবে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। প্রায় আধা ঘণ্টা পর পরিবারের সদস্যরা ঘটনাটি জানতে পেরে হাসপাতালে পৌঁছান। সেখানে তার মাথায় তিনটি সেলাই দেওয়া হয় এবং শরীরের বিভিন্ন স্থানে–চোখ, বুক, ডান হাত ও কোমড়ে গুরুতর আঘাতের চিকিৎসা দেওয়া হয়।

পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে জরুরি ভিত্তিতে সিলেটে স্থানান্তর করা হয়। সিলেটের একাধিক হাসপাতালে আইসিইউ বেড না পেয়ে শেষ পর্যন্ত ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং পরে তিনি মৃত্যুবরণ করেন। গত ১৬ জুন রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে সিলেট ইবনে সিনা হাসপাতালে জহর আলী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবারের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে, ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে পানি উন্নয়ন বোর্ড সড়কের গুরুত্বপূর্ণ সিসিটিভি ফুটেজ গায়েব করে দেওয়া হয়েছে, যা তদন্তকে বাধাগ্রস্ত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই ঘটনায় স্থানীয়ভাবে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। পরিবার ও বিভিন্ন সংগঠন ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের পাশাপাশি দায়ীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।