লক্ষ্মীপুরে কৃষি উপ সহকারী কর্মকর্তার সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বাসিন্দা ও কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা সুমি ভৌমিক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণের পর তার নতুন নাম রাখা হয়েছে সুমি রহমান।
হলফনামা সূত্রে জানা যায়, সুমি ভৌমিক কমলনগর উপজেলার পূর্ব চর ফলকন এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি চট্টগ্রামের মুরাদপুর এলাকায় বসবাস করছেন এবং লক্ষ্মীপুর জেলার কৃষি বিভাগে উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।
হলফনামায় উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে ইসলামের আদর্শ, সংস্কৃতি ও শান্তির বাণীর প্রতি আকৃষ্ট হয়ে তিনি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন। পরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে হলফনামার মাধ্যমে ইসলাম গ্রহণ করেন।
গত ৪ আগস্ট ২০২৬ আদালতে শপথপূর্বক দেওয়া হলফনামায় তিনি উল্লেখ করেন, সুস্থ মস্তিষ্কে এবং কোনো ধরনের চাপ বা প্ররোচনা ছাড়াই স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
ইসলাম গ্রহণের পর থেকে তিনি সুমি রহমান নামে পরিচিত হবেন বলেও হলফনামায় উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কৃষি বিভাগ বা অন্য কোনো কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
