আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ!
ঢাকার আশুলিয়ায় আদালতের চলমান নির্দেশ অমান্য করে জোরপূর্বক জমি দখলের চেষ্টা এবং এতে বাধা দিলে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা ও বিচার চেয়ে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী জমির মালিক।
ভুক্তভোগী ওই ব্যক্তির নাম মোঃ আবুল বাশার (৫০)। তিনি আশুলিয়া থানাধীন শিমুলিয়া পান্তাপাড়া এলাকার হাফিজ উদ্দিনের ছেলে।
অন্যদিকে অভিযুক্তরা হলেন- শিমুলিয়ার বান্দরটিকি এলাকার বুদ্ধ মন্ডলের ছেলে সুশিল মন্ডল (৫৫) ও চিত্ত মন্ডল (৬০), কাশীনাথ মন্ডলের ছেলে সোনাইতন মন্ডল (৫০), আমজাদ ওরফে আনজুর ছেলে এরশাদ (৪৮) এবং অজ্ঞাতনামা আরও ৮-১০ জন।
অভিযোগ সূত্রে জানা যায়, আবুল বাশার দীর্ঘদিন ধরে শিমুলিয়া পান্তাপাড়া এলাকায় জমি ক্রয় করে বাড়ি নির্মাণ করে পরিবারসহ বসবাস করে আসছেন। তবে অভিযুক্তরা ওই জমিতে নিজেদের অংশ রয়েছে দাবি করে বিভিন্নভাবে তা দখলের পাঁয়তারা করে আসছিল। বিষয়টি সমাধান করতে আবুল বাশার বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে চলমান এবং আদালত ওই জমিতে অভিযুক্তদের কোনো প্রকার দাবি বা অধিকার খাটানো থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন।
অভিযোগ আরও বলা হয়, আদালতের এই নির্দেশ অবমাননা করে গত ১৫ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে শিমুলিয়া রাঙ্গামাটি স্ট্যান্ডের পাশে আবুল বাশারের ছোট ভাই সাইফুল ইসলামকে (৪৮) আটকে রাখে অভিযুক্তরা। এ সময় তারা সাইফুলকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং যেকোনো মূল্যে ওই জমি জোরপূর্বক দখল করার ঘোষণা দেয়। এতে বাধা দিলে আবুল বাশার ও তার ভাইয়ের বড় ধরনের ক্ষতিসহ প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায় তারা।
ভুক্তভোগী আবুল বাশার জানান, অভিযুক্তরা অত্যন্ত বেপরোয়া। আদালতের নির্দেশ অমান্য করে তারা যেকোনো সময় জোরপূর্বক জমি দখলের চেষ্টাসহ পরিবারের বড় ধরনের ক্ষতি করতে পারে। বর্তমানে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ বিষয়ে আশুলিয়া থানার পুলিশ জানায়, জমি সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
