চেন্নাই সুপার কিংসের ভক্ত অনিরুদ্ধকে বিয়ে করছেন কাব্য মারান
আইপিএলে চেন্নাই সুপার কিংস (সিএসকে) ও সানরাইজার্স হায়দরাবাদ (এসআরএইচ) মাঠের প্রতিদ্বন্দ্বী হলেও এবার দুই দলের নাম জড়িয়েছে এক বিয়ের খবরে। চেন্নাই সুপার কিংসের বড় ভক্ত ও দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দরকে বিয়ে করতে যাচ্ছেন সানরাইজার্স হায়দরাবাদের প্রধান নির্বাহী কাব্য মারান।
আগামী ২১ নভেম্বর চেন্নাইয়ে তাঁদের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্প্রতি ভারতের তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী এ রেভন্ত রেড্ডির দপ্তরের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, সান গ্রুপের চেয়ারম্যান কালানিধি মারান ও তাঁর স্ত্রী কাভেরি মারান জুবিলি হিলসে মুখ্যমন্ত্রীর বাসভবনে তাঁর সঙ্গে দেখা করেন। এ সময় তাঁরা তাঁদের মেয়ে কাব্য মারান ও অনিরুদ্ধ রবিচন্দরের বিয়ের সংবর্ধনায় যোগ দিতে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানান।
অনিরুদ্ধ রবিচন্দর দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রজগতের পরিচিত সংগীত পরিচালক। চেন্নাই সুপার কিংস ও দলটির সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির প্রতি তাঁর বিশেষ অনুরাগ রয়েছে। চেন্নাইয়ের ম্যাচেও নিয়মিত বাজানো হয় তাঁর সংগীত। অন্যদিকে, কাব্য মারান আইপিএলের অন্যতম আলোচিত মুখ। তিনি সানরাইজার্স হায়দরাবাদের মালিক কালানিধি মারানের মেয়ে এবং ফ্র্যাঞ্চাইজিটির প্রধান নির্বাহী।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া টুডে ও এনডিটিভি-এর প্রতিবেদনে বলা হয়েছে, ১১ নভেম্বর গ্রিসে অনিরুদ্ধ ও কাব্যর বিয়ে হতে পারে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।
এর আগে ২০২৫ সালের জুনে সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে ছড়িয়ে পড়া একটি পোস্টে দাবি করা হয়, অনিরুদ্ধ ও কাব্য এক বছরের বেশি সময় ধরে সম্পর্কে রয়েছেন এবং বিয়ের পরিকল্পনা করছেন। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে তাঁদের একসঙ্গে নৈশভোজে দেখা যাওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনা আরও বাড়ে। তবে সে সময় কাব্যর সঙ্গে সম্পর্কের খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন অনিরুদ্ধ।
পরে অনিরুদ্ধর চাচা, অভিনেতা ও সংগীতশিল্পী ওয়াই জি মহেন্দ্র এক সাক্ষাৎকারে তাঁদের বিয়ের বিষয়ে অনেকটাই নিশ্চিত হওয়ার কথা জানান। এবার মুখ্যমন্ত্রীর দপ্তরের পোস্টে সংবর্ধনার তথ্য প্রকাশের পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
