সকালে নাশতা তৈরি, থালাবাসনও ধুই: জাপানের প্রধানমন্ত্রী
নারী হওয়ার কারণে পুরুষ পূর্বসূরিদের তুলনায় বেশি সময় কাজ করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। তাঁর এ বক্তব্যকে কেন্দ্র করে দেশটিতে লিঙ্গভিত্তিক সামাজিক ভূমিকা ও দীর্ঘ কর্মঘণ্টা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বুধবার পার্লামেন্টে বক্তব্য দেওয়ার সময় তাকাইচি বলেন, সকালে উঠে তিনি গোসল করেন, নাশতা তৈরি করেন, থালাবাসন ধুয়ে এরপর মেকআপ করেন। এসব কাজের কারণে পুরুষ প্রধানমন্ত্রীদের তুলনায় তাঁর তিন থেকে চার ঘণ্টা বেশি সময় ব্যয় হয় বলে জানান তিনি।
তাকাইচির এ বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। সমালোচকদের মতে, তাঁর মন্তব্যে সেকেলে লিঙ্গভিত্তিক ধারণা ও অতিরিক্ত কর্মঘণ্টার সংস্কৃতি উৎসাহিত হওয়ার আশঙ্কা রয়েছে। আইনজীবী, অধিকারকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঘরের কাজের প্রসঙ্গ টেনে কর্মপরিকল্পনা ও সময় ব্যবস্থাপনার বিষয়টি আড়াল করা উচিত নয় বলে মত দিয়েছেন।
এ ছাড়া প্রতিদিন মাত্র শূন্য থেকে তিন ঘণ্টা ঘুমানোর কথা জানিয়ে তাকাইচি কর্মজীবন ও ব্যক্তিজীবনের ভারসাম্য নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছেন। সমালোচকদের আশঙ্কা, এ ধরনের বক্তব্য অতিরিক্ত কাজের সংস্কৃতিকে স্বাভাবিক হিসেবে তুলে ধরতে পারে।
এদিকে বিভিন্ন বিতর্কের জেরে নবনিযুক্ত কৃষিমন্ত্রী কাজুও ইয়ানার পদত্যাগের ঘটনাও তাকাইচির সরকারের ওপর রাজনৈতিক চাপ বাড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জাপান ইনোভেশন পার্টির নেতা ফু মিতাকে ফুজিতা সংসদীয় অধিবেশনের দীর্ঘ কর্মঘণ্টা কমানোর পরামর্শ দিয়েছেন। পাশাপাশি এনএক্সজেআই রিসার্চের গবেষণার বরাত দিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনে রাঁধুনি ও গৃহকর্মী নিয়োগের প্রস্তাব দিয়েছেন, যাতে তিনি রাষ্ট্রীয় দায়িত্ব পালনে আরও বেশি মনোযোগ দিতে পারেন।
সূত্র: এনবিসি নিউজ
