ঢাকারবিবার , ৩ মে ২০২৬
  • অন্যান্য
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ

ডেস্ক রিপোর্ট
মে ৩, ২০২৬ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: বিশ্বজুড়ে আজ (রোববার) পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রতি বছর ৩ মে দিবসটি উদযাপন করা হয়।

দিবসটির এবারের প্রতিপাদ্য ‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে।

দিবসটি উপলক্ষে দেশের সাংবাদিকরা পেশাগত অধিকার, নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছেন। একই সঙ্গে মুক্ত ও স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হচ্ছে।

ইতিহাস অনুযায়ী, ইউনেস্কো-এর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশের ভিত্তিতে ১৯৯৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ৩ মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এরপর থেকেই বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে।

দিবসটির তাৎপর্য হলো—গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা, এ স্বাধীনতায় যেকোনো হস্তক্ষেপ প্রতিহত করা এবং দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া। একই সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গ করা সাংবাদিকদের স্মরণ করা হয়।

প্রতিবছরের মতো এবারও বৈশ্বিক গণমাধ্যম স্বাধীনতা সূচক প্রকাশ করেছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ)। সূচকে দেখা গেছে, গণমাধ্যমের স্বাধীনতায় বাংলাদেশ তিন ধাপ পিছিয়েছে। বিশ্বের ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এবার ১৫২তম, যা গত বছর ছিল ১৪৯তম।

দিবসটি উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সকাল ৯টায় অফিসার্স ক্লাব প্রাঙ্গণ থেকে একটি র‍্যালির আয়োজন করে, যা তথ্য ভবন কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। এছাড়া সকাল সাড়ে ৯টায় তথ্য ভবনের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, মুক্ত ও দায়িত্বশীল গণমাধ্যম একটি গণতান্ত্রিক সমাজের গুরুত্বপূর্ণ ভিত্তি। তাই গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা সময়ের দাবি।

এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।