ডেস্ক রিপোর্ট: রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণ-অধিকার পরিষদের নেতাকর্মীদের তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সংগঠনের সভাপতি নুরুল হক নুরসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (২৯ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে দ্বিতীয়বারের মতো গণ-অধিকার পরিষদের নেতাকর্মীরা জাপা কার্যালয়ের সামনে জমায়েত হন। তখন দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়, যা দ্রুত সহিংসতায় রূপ নেয়।
একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে জাপার নেতাকর্মীদের সরিয়ে দেয়। এরপর আইন-শৃঙ্খলা বাহিনী গণ-অধিকার পরিষদের নেতাদের এলাকা ছাড়ার জন্য ১০ মিনিট সময় দেয়। নির্ধারিত সময় অতিক্রম করলে পুলিশ ব্যাপক লাঠিচার্জ শুরু করে।
সংঘর্ষে মারাত্মক আহত হন নুরুল হক নুর। তাকে রক্তাক্ত অবস্থায় দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পাশাপাশি রাশেদ খানসহ আরও অনেক নেতাকর্মী আহত হয়ে চিকিৎসাধীন আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
হাসপাতালে নেওয়ার পর রাশেদ খান সাংবাদিকদের বলেন, “জাতীয় পার্টি ও সরকারি দলের লোকজন পরিকল্পিতভাবে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়েছে।”
এ ঘটনার পর বিজয়নগর এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

