কুড়িগ্রাম প্রতিনিধি: বন্যার পানিতে ভেঙ্গে যাওয়া ভেলাকোপা হানাগড়ের মাথার ব্রিজ দীর্ঘদিন থেকে সংস্কার না করায় প্রতিনিয়ত ঝুঁকিপূর্ণ ভাবে চলাচল করতে হচ্ছে এলাকাবাসীর। হতাশা ও ক্ষতিগ্রস্ত অবস্থায় দিন পার করছেন স্থানীয়রা। সংস্কারের দাবিতে তারুণ্যের উচ্ছ্বাস মানবিক যুব সংগঠনের উদ্যেগে করা হয় মানববন্ধন।
কুড়িগ্রাম সদর উপজেলার ভেলাকোপা ৬ নং ওয়ার্ড হানাগড়ের মাথা বটতলীর বাজারে অবস্থিত হানাগড়ের মাথার ব্রিজ। ২০১৭ সালে ভয়াবহ বন্যার কারণে পানির তীব্র স্রোতে ভেঙ্গে যায় ব্রিজটির পূর্ব অংশ। এরপর থেকেই শুরু হয় জনজীবনের দুর্ভোগ। দীর্ঘ ৯(নয়) বছর থেকে ব্রিজটি ভাঙ্গা অবস্থায় থাকার ফলে স্থানীয়রা বঞ্চিত হচ্ছে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা এবং জরুরি সেবা থেকে। জীবনের ঝুঁকি নিয়ে করতে হচ্ছে চলাচল।
পূর্ব প্রান্তের অধিকাংশ অংশ ভেঙ্গে যাওয়ার ফলে জরুরি প্রয়োজনে যেতে পারে না ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স। এ ছাড়াও ব্রিজের পূর্ব দিকে বসবাস করে অসংখ্য পরিবার। তার মধ্যে অধিকাংশ পরিবার কৃষি কাজের সাথে জড়িত। সেখাকার উৎপাদিত ফসল নিকটস্থ বাজারে সরবরাহ করতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে কৃষক পরিবার গুলোর। এর ফলে আর্থিক সংকটে পড়ছেন কৃষক পরিবার গুলো।
এ বিষয় নিয়ে দ্রুত ব্রিজ সংস্কারের দাবিতে তারুণ্যের উচ্ছ্বাস মানবিক যুব সংগঠনের উদ্যেগে মানববন্ধন করা হয়। এতে অংশ নেয় স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের পাশাপাশি মানববন্ধনে অংশ নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক জেলা আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ। এছাড়া সংগঠনের পক্ষ থেকে অংশগ্রহণ করেন উপদেষ্টা মোঃ এরশাদুল হক, সভাপতি জীবন কুমার সেন, কোষাধ্যক্ষ মোঃ মিনহাজুল ইসলাম, হাফেজ মোঃ শাহিন আলম, জনিসহ অন্যান্য সদস্যবৃন্দ।
মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি আব্দুল আজিজ বলেন, দীর্ঘদিন থেকে ব্রিজটি সংস্কার না হাওয়া দুঃখ প্রকাশ করছি। আমি সংশ্লিষ্ট প্রশাসনের নিকট দাবি জানাই দ্রুত ব্রিজের সংস্কার কাজ করার জন্য।
সংগঠনের উপদেষ্টা মোঃ এরশাদুল হক বলেন, ব্রিজের পূর্ব পারে অনেক মানুষের বসবাস। সেখানে বেশি ভাগ পরিবার কৃষিকাজের সাথে জড়িত। এই ব্রিজ দিয়ে তাঁরা ফসল উৎপাদন করে সরবরাহ করেন। কিন্তূ ব্রিজ ভাঙ্গার কারণে উৎপাদিত ফসল সঠিক ভাবে সরবরাহ করতে পারছেন না। এমন কি অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়িও এখানে আসে না। দ্রুত ব্রিজের সংস্কার কাজ না হলে মানুষ জন আরও দুর্ভোগে পড়বে।
এ সম্পর্কে কুড়িগ্রাম পৌরসভার প্রশাসক বি এম কুদরত-এ-খুদা জানান, আপাতত অস্থায়ী ভাবে কাঠের সাঁকো দিয়ে চলাচলের ব্যবস্থা করা হয়েছে। অতি দ্রুত ব্রিজটির সংস্কার কাজ করার বিষয়ে নজর দেবেন বলে আশ্বস্ত করেন তিনি।

