ঢাকাবৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫
  • অন্যান্য
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বাবুগঞ্জ-লাকুটিয়া সড়ক সংস্কারের দাবিতে চাঁদপাশায় মানববন্ধন

নুর হোসেন বেল্লাল
আগস্ট ২৮, ২০২৫ ৯:৩৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের বাবুগঞ্জ-লাকুটিয়া সড়কের বেহাল অবস্থার প্রতিবাদে এবং দ্রুত সংস্কারের দাবিতে বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বটতলা এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১টায় স্থানীয় জনসাধারণের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে বিপুলসংখ্যক এলাকাবাসী অংশগ্রহণ করেন। প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ এই সড়কের বিভিন্ন অংশে দীর্ঘদিন ধরে কোনো সংস্কার কাজ না হওয়ায় সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে বর্ষাকালে দুর্ভোগ আরও তীব্র আকার ধারণ করে।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন শিক্ষার্থী, রোগী, শ্রমজীবী ও ব্যবসায়ীসহ হাজারো মানুষ এই সড়ক ব্যবহার করে থাকেন। কিন্তু খানাখন্দে ভরা রাস্তায় চলাচলের সময় প্রায়ই দুর্ঘটনা ঘটে এবং যানবাহন বিকল হয়ে পড়ে। এতে শুধু সময় অপচয় হয় না, বরং মানুষের জীবনও ঝুঁকিতে পড়ে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাবুগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর মুহাম্মদ রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মো. অহিদুল ইসলাম প্রিন্স। তিনি বলেন, “এই সড়কটি হাজারো মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম। অবিলম্বে সংস্কার কাজ শুরু না হলে বৃহত্তর কর্মসূচির ডাক দেওয়া হবে।”

এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলমগীর হোসেন স্বপন, সাধারণ সম্পাদক মো. শাহীন হোসেন, বিএনপি নেতা ইউসুফ হোসেন মাস্টার, মো. জাকির হোসেন, আব্দুল হালিম, ছাত্রনেতা মো. সাইফুল আকন, বিএনপি নেতা হুমায়ুন কবির ও মাসুম রেজা রুবেলসহ ইউনিয়নের রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা।

মানববন্ধন শেষে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দ্রুত সড়কটি সংস্কার করা না হলে এলাকাবাসী আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপাশা ইউনিয়নের সেক্রেটারি মো. জামাল হাওলাদার।

এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।