ঢাকাবৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫
  • অন্যান্য
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

রাজাপুরে পৃথক কর্মসূচি: প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই ভাগে বিভক্ত বিএনপি

মোঃ মাহিন খান
সেপ্টেম্বর ৪, ২০২৫ ২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠির রাজাপুর উপজেলায় পালিত হয়েছে পৃথক দুটি কর্মসূচি। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা বিএনপির দুই গ্রুপের উদ্যোগে আলাদা র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রথম কর্মসূচির নেতৃত্ব দেন নিউইয়র্ক দক্ষিণ মহানগর বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার মঈন ফিরোজী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি রফিক হাওলাদার, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম আযম সৈকত, জাকারিয়া লিংকন ও কর্নেল মুস্তাফিজুর রহমান। তারা সবাই ঝালকাঠি-০১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে পরিচিত। সমাবেশ শেষে বাইপাস মোড় থেকে একটি র‌্যালি বের হয়ে মেডিক্যাল মোড়ে গিয়ে শেষ হয়।

অন্যদিকে, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক ও একই আসনের মনোনয়নপ্রত্যাশী রফিকুল ইসলাম জামালের নেতৃত্বে বাঘরী বিএনপি কার্যালয় থেকে আরেকটি র‌্যালি বের হয়, যা শেষ হয় রাজাপুর পাইলট স্কুল মাঠে এক আলোচনা সভার মাধ্যমে।

প্রতিষ্ঠাবার্ষিকীর পৃথক দুটি আয়োজনেই বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ বিএনপি সমর্থকদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। শহরের বিভিন্ন সড়কে ব্যানার-ফেস্টুনে সাজানো হয় আয়োজনস্থল ও আশপাশের এলাকা। তবে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশি নজরদারি ছিল জোরদার।

সাবেক ছাত্রনেতা ও নিউইয়র্ক বিএনপি সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা তার বক্তব্যে বলেন, “১৭ বছর ধরে দেশে স্বৈরতন্ত্র চলছে। বিএনপির নেতাকর্মীরা মাঠে নামলেই বাধার মুখে পড়ে। আমরা এমন বাংলাদেশ চাই না। আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত, শান্তিপূর্ণ।

ব্যারিস্টার মঈন ফিরোজী বলেন, “রাজাপুরের মানুষ সবসময় যোগ্য নেতৃত্বকে সমর্থন করেছে। কিন্তু ভোটাধিকার হরণ করে স্বৈরাচার ক্ষমতায় থেকেছে। বিএনপির নেতৃত্বে আমরা সেই অবস্থা পাল্টাতে চাই।

রফিক হাওলাদার বলেন, “বিএনপি দেশের সবচেয়ে বড় দল। আমাদের অনেক নেতা-কর্মী নিখোঁজ, গুম বা খুন হয়েছেন। আবার অনেক সিনিয়র নেতা দলের আদর্শ থেকে বিচ্যুত হয়েছেন—তাদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই।

ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম আযম সৈকত বলেন, “বিএনপিতে চাঁদাবাজ, সন্ত্রাসীদের ঠাঁই নেই। যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা এই দলে থাকতে পারে না। আমরা তরুণ ও যোগ্য নেতৃত্ব চাচ্ছি রাজাপুরে।

বিএনপির দুই গ্রুপের পৃথক কর্মসূচির মধ্য দিয়ে দলটির স্থানীয় রাজনীতিতে বিভাজন আরও স্পষ্ট হয়েছে বলে মনে করছেন স্থানীয় পর্যবেক্ষকরা।

এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।