পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ১৮ জুলাই, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

হাজিরার টাকা নিয়ে বিরোধ: বৃদ্ধাকে লাথি মারার অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে

মোঃ কাজল ইসলাম
মোঃ কাজল ইসলাম , জেলা প্রতিনিধি প্রকাশিত: ১৭ জুলাই ২০২৬, ০৪:৫৯ পিএম

কুড়িগ্রাম জেলা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে হাজিরার টাকা নিয়ে বিরোধের জেরে ৭০ বছর বয়সী এক বৃদ্ধা ও তার মেয়ের ওপর হামলার অভিযোগ উঠেছে আইনজীবী অ্যাডভোকেট মিজানুর রহমানের বিরুদ্ধে।

অভিযোগকারী জায়দা খাতুন রৌমারী উপজেলার বাসিন্দা। তিনি দাবি করেন, ২০২৫ সালে মেয়ের ওপর স্বামীর নির্যাতনের বিচার চেয়ে রৌমারী আমলি আদালতে মামলা দায়ের করেন। মামলাটি পরিচালনার দায়িত্ব নেন অ্যাডভোকেট মিজানুর রহমান।

জায়দা খাতুনের অভিযোগ, মামলার বিভিন্ন তারিখ সম্পর্কে ভুল তথ্য দিয়ে একাধিকবার তার কাছ থেকে হাজিরার টাকা নেওয়া হয়। পরে ভুল তথ্যের প্রমাণ পেয়ে তিনি নতুন করে টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে আগের টাকার হিসাব চাইলে আইনজীবী ক্ষিপ্ত হয়ে তার মেয়ে সুমিনা খাতুনকে ধাক্কা দেন। মেয়েকে রক্ষা করতে গেলে তাকেও ধাক্কা দিয়ে ফেলে বুকে দুইবার লাথি মারা হয় বলে অভিযোগ করেন তিনি।

সুমিনা খাতুন বলেন, ভুল তারিখ ও তথ্য দিয়ে তাদের কাছ থেকে বারবার টাকা নেওয়া হয়েছে। এর প্রতিবাদ করলে তার ও তার মায়ের সঙ্গে অমানবিক আচরণ করা হয়। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।

জায়দা খাতুন বলেন, স্বামী ও ছেলে না থাকায় অনেক কষ্টে ধার-দেনা করে মামলার খরচ চালিয়েছেন। তিনি অভিযোগ করেন, বারবার ভুল তথ্য দিয়ে অর্থ নেওয়ার পর হিসাব চাইতেই তার ওপর হামলা করা হয়।

ঘটনার পর জায়দা খাতুন কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, জেলা ও দায়রা জজ আদালত এবং কুড়িগ্রাম সদর থানায় পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তবে এ অভিযোগের বিষয়ে অ্যাডভোকেট মিজানুর রহমানের বক্তব্য এই প্রতিবেদনের জন্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।