টঙ্গীতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ
গাজীপুরের টঙ্গীতে ৪৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি আব্দুল খালেক মিয়ার বিরুদ্ধে অপপ্রচার ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে টঙ্গীর নওগাঁও এলাকায় স্থানীয় যুবদল কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আব্দুল খালেক মিয়া বলেন, ‘দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আছি। আমাকে ও আমার পরিবারকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। অতীতে দায়ের হওয়া একটি মামলার আইনি কার্যক্রমও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদ ও অভিযোগের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কোনো সংবাদ প্রকাশের আগে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে যথাযথভাবে তথ্য যাচাই করার অনুরোধ করছি।’
যুবদলের কার্যালয় নিয়ে আব্দুল খালেক মিয়া বলেন, ‘৪৬ নম্বর ওয়ার্ড যুবদলের এ কার্যালয়টি আগে থেকেই ছিল। তবে স্বৈরাচার হাসিনার শাসন আমলে আওয়ামী লীগের লোকজন এটি দখলে নেয়। পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্টের পর আমরা পুনরায় কার্যালয়টি উদ্ধার করি।’
তিনি অভিযোগ করেন, যুবরাজ নামে এক শীর্ষ সন্ত্রাসী বর্তমানে ওই কার্যালয় নিয়ে পাঁয়তারা করছেন এবং সেটিকে নিজের ব্যক্তগত অফিস বলে দাবি করছেন। তার বিরুদ্ধে পুলিশের সঙ্গে সংঘর্ষসহ একাধিক মামলা রয়েছে বলেও দাবি করেন আব্দুল খালেক। একই সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানের আগে যুবরাজ বিএনপির কোনো দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছেন, এমন প্রমাণ থাকলে রাজনীতি ছেড়ে দেওয়ার কথাও বলেন তিনি।
এ সময় ৪৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আল মনসুর টুটুল বলেন, ‘আমি মাদক সেবন করি না, এটি সবাই জানেন। আমাদের ওয়ার্ড যুবদলের কার্যালয়ের সঙ্গে মাদকের সংশ্লিষ্টতার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এসব ষড়যন্ত্রের অংশ।
তিনি বলেন, ‘যুবদলের কার্যালয় এখানে আছে, থাকবে। কার্যালয় নিয়ে কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না।’
সংবাদ সম্মেলনে স্থানীয় যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
